আত্মপ্রসাদে ভুগছেন না জয়াবর্ধনে
তৃতীয় দিন শেষে দুই দলের যে ব্যবধান, তাতে প্রথম টেস্টে শ্রীলঙ্কার সামনে জয়ের হাতছানি। তবে দুর্দান্ত দ্বি-শতক করে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়া মাহেলা জয়াবর্ধনে আত্মপ্রসাদে ভুগছেন না। শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের ধারণা, প্রথম টেস্টে জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হবে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেন, “ক্রিকেট একটা মজার খেলা। এই খেলায় জয় যে সহজে আসে না তা বোঝার জন্য যথেষ্ট ম্যাচ আমি খেলেছি। আমাদের ধৈর্য্য ধরতে হবে, ওদের ওপরে চাপ তৈরি করতে হবে আর সুযোগ কাজে লাগাতে হবে।”“আমাদের হাতে দুই দিন সময় আছে। আমার মনে হয়, এটা যথেষ্ট সময়। তবে জয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”পিচ থেকে স্পিনারদের সুবিধা পাওয়ার কথা জানিয়ে জয়াবর্ধনে বলেন, “সাকিব গতকাল আর আজ পিচ থেকে সহায়তা পেয়েছে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আমাদের ঠিক জায়গায় বল ফেলতে হবে।”বুধবার এক পর্যায়ে বাংলাদেশের বোলাররা হাল ছেড়ে দেয়ায় বিস্মিত হয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “টেস্ট ক্রিকেট এমনই। আমার মনে হয় আরো সুযোগ তৈরি করার জন্য ওদের আরেকটু চেষ্টা করা দরকার ছিল। তবে গতকাল এবং আজ আমরা ওদের চেয়ে ভালোভাবে পরিস্থিতি সামাল দিয়েছি।”জয়াবর্ধনে জানান, চার শ’ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করার পরিকল্পনা ছিল শ্রীলঙ্কার। তবে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস তাকে দ্বি-শতক ও কিথুরুয়ান ভিথানাগেকে শতকে পৌঁছানোর জন্য আরো কিছু ওভার খেলার সুযোগ দেন।“বুধবার বাংলাদেশকে ১৫ ওভার ব্যাট করার সুযোগ দেয়ার পরিকল্পনা ছিল আমাদের। আমরা স্কোর বোর্ডে যথেষ্ট রান জমা করেছি। এর ফলে বাংলাদেশকে আরো চেপে ধরার সুযোগ পেয়েছি।”তামিম ইকবালের আউটের ধরন প্রসঙ্গে জয়াবর্ধনে বলেন, “ওদের কিছু ওভার ব্যাট করার সুযোগ দেয়ার এটাই ছিল কারণ। আমাদের ভাগ্য ভাল, তামিমের মূল্যবান উইকেট পেয়েছি।”
