'ভাগ্যবান' সিলভা
বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে চারবার জীবন পেয়েছেন শ্রীলঙ্কার কৌশল সিলভা। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এই উদ্বোধনী ব্যাটসম্যান। সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে সাত টেস্টের ছোট্ট ক্যারিয়ারে প্রথম শতকে পৌঁছান তিনি।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় তিনটি সুযোগ দিয়েছিলেন সিলভা। তিন ক্ষেত্রেই দুর্ভাগা বোলার ছিলেন পেসার আল-আমিন হোসেন।
২৩তম ওভারে ব্যক্তিগত ৩৯ রানে প্রথমবার জীবন পান সিলভা। তার ব্যাটের কানায় লেগে আসা সহজ ক্যাচটি গ্লাভসবন্দী করতে পারেননি উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
২৯তম ওভারে ব্যর্থ হননি বাংলাদেশের অধিনায়ক। তবে তিনি ক্যাচ ধরলেও বল করার সময় স্টাম্পে আল-আমিনের পা লেগে বেল পড়ে যাওয়ায় ‘নো’ বলের সৌজন্যে টিকে যান সিলভা।
পরের ওভারে ফিরে আবার সিলভাকে ক্যাচ দিতে বাধ্য করেন আল-আমিন। দ্বিতীয় স্লিপে ঝাপিয়ে পড়েও ক্যাচটি তালুবন্দী করতে পারেননি অভিষিক্ত শামসুর রহমান।
শতকে পৌঁছানোর পর ব্যক্তিগত ১২৯ রানে আবার জীবন পান সিলভা। সাকিবের বলে দ্বিতীয়বারের মতো ক্যাচ লুফতে ব্যর্থ হন মুশফিক। তবে এ সুযোগ পাওয়ার পর আরো ১০ রান যোগ করেন তিনি।
চার বল পর সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। ১৩৯ রান করা সিলভার ২৪৪ বলের ইনিংসে ছিল ১৬টি চার ও ২টি ছক্কা। এ রান করার পথে দিমুথ করুনারত্নের (৫৩) সঙ্গে ১১৮ ও কুমার সাঙ্গাকারার (৭৫) সঙ্গে ১৫৫ রানের দুটি চমৎকার জুটি গড়েন দেন তিনি।
সিলভার শতকে প্রথম টেস্টে বড় 'লিডের' সম্ভাবনা জাগাচ্ছে শ্রীলঙ্কার।
