পরিকল্পনা সফল শ্রীলঙ্কার
খাটো লেন্থের বল দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘বধ’ করার পরিকল্পনা এঁটেই মাঠে নেমেছিলেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার পেসার সামিন্দা এরাঙ্গা।
মিরপুর টেস্টে বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩২ রানে অলআউট করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান এরাঙ্গার। ৪৯ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার এই পেসারই।
সোমবার প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এরাঙ্গা বলেন, “খাটো লেন্থের বল দিয়ে ওদের আটকানোর চেষ্টা ছিল পরিকল্পিত। এ ধরনের কৌশল কাজে লাগানোর আগে সব সময় অনুশীলন করে প্রস্তুতি নিতে হয়।”
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সাফল্য পাওয়া এই পেসার বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের অন্যতম প্রধান অস্ত্র। সফরের প্রথম দিন অধিনায়ককে হতাশ করেননি তিনি।
মিরপুরে বোলিং উপভোগ করছেন জানিয়ে এরাঙ্গা বলেন, “দুবাই ও আবু ধাবির মতো এখানকার উইকেট একই রকম। কন্ডিশনও প্রায় একই রকম হওয়ায় আমাদের জন্য মানিয়ে নেয়া খুব সহজ হয়েছে।”
পাকিস্তানের ব্যাটসম্যানদের চেয়ে বাংলাদেশের আউট করা সহজ ছিল জানিয়ে এরাঙ্গা বলেন, “আমাদের ওরা (বাংলাদেশের ব্যাটসম্যান) অনেক সাহায্য করেছে। সংযুক্ত আরব আমিরাতের চেয়ে এখানে উইকেট পাওয়া সহজ ছিল।”
