জয় ছাড়া কিছু ভাবছেন না ম্যাথিউস
ঘরের মাঠে দারুণ 'ফর্মে' থাকা বাংলাদেশকে সমীহ করলেও জয় ছাড়া অন্য কিছু ভাবনায় নেই শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের আগের দিন রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ম্যাথিউস বলেন, “আমরা জেতার জন্য এসেছি। জয়ের জন্য আমরা নিজেদের সেরা চেষ্টাই করবো।”
গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা একটা বড় চ্যালেঞ্জ। তাই কঠিন লড়াই প্রত্যাশা শ্রীলঙ্কার অধিনায়কের।
“বাংলাদেশও জয়ের জন্য খেলবে; তাই জিততে হলে আমাদের ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে।”
টেস্ট সিরিজে ভালো একটা শুরু চান ম্যাথিউস। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা এখানেও ধরে রাখার লক্ষ্য তার।
“শুরুটা খুব গুরুত্বপূর্ণ। ভালো শুরু একটা ‘মোমেন্টাম’ এনে দেবে। প্রথম টেস্ট জিতে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নিতে চাই।”
শুরু থেকেই স্বাগতিকদের ওপর চাপ তৈরি করতে চান শ্রীলঙ্কা অধিনায়ক।
“ভালো ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিক থেকেই বাংলাদেশ ভালো দল। দলে কয়েকজন ‘ম্যাচ উইনার’ আছে। ওদের কোনো সময় দেয়া যাবে না। শুরু থেকেই ওদের সব সময় চাপে রাখতে হবে।”
বেশ লম্বা সময় ধরে খেলার মধ্যে থাকতে হবে শ্রীলঙ্কাকে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই বাংলাদেশে আসতে হয়েছে ম্যাথিউসের দলকে। এখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে তারা। এরপর অংশ নেবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে।
ম্যাথিউস বলেন, “আমাদের সূচি একটু আঁটোসাটো। ধারাবাহিক ক্রিকেট খেলার মধ্যে থাকতে হবে। আমাদের শরীরের জন্য এটা কঠিন হবে।”
