২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরিণত’ ইমরুলের ভালো খেলার প্রত্যয়

প্রায় সোয়া দুই বছর পর জাতীয় দলে ফেরা ইমরুল কায়েস মনে করেন, টেস্ট খেলার জন্য তিনি এখন মানসিকভাবে আগের চেয়ে পরিণত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 12:21 AM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “টেস্ট ক্রিকেট ভীষণ কঠিন। মানসিকভাবে শক্ত না হলে টেস্টে ভালো করা যায় না।”

“আমার ব্যাটিং কৌশলে কিছু পরিবর্তন এনেছি। টেস্ট খেলার জন্য মানসিকতায়ও পরিবর্তন আনতে হয়েছে। আমার মনে হয়, কঠোর পরিশ্রম করেই দলে ফিরতে পেরেছি।”

২০১১ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা ইমরুলের বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সুযোগ পেলে ভালো খেলতে পারবেন।

তিনি বলেন, “বাংলাদেশ দলে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে গেছে। এটা দলের জন্য খুব ভালো খবর। তবে আমি কোনো চাপ নিতে চাই না। নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে।”

জাতীয় দল থেকে বাদ পড়ার পর দিন থেকেই ফেরার লড়াই শুরু করার কথা জানিয়ে ইমরুল বলেন, “বাদ পড়লে ফেরার জন্য জেদ তো কাজ করেই। তবে আমি কখনো আত্মবিশ্বাস হারাইনি। সব সময়ই মনে হয়েছে, ভালো খেললে আবার ফিরতে পারবো।”