জাতীয় দলের সহ-অধিনায়ক তামিম
আবার জাতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এই উদ্বোধনী ব্যাটসম্যানকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানান, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম।২০১০ সালের ৩১ ডিসেম্বর প্রথমবারের মতো জাতীয় দলের সহ-অধিনায়ক হয়েছিলেন তিনি। ২০১১ সালের অগাস্টে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ব্যর্থতার পর অধিনায়ক সাকিব আল হাসানের মতো তাকেও সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি।এরপর সে বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে সাকিব ও তামিমের স্থলাভিষিক্ত হন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক থাকবেন মুশফিক। তবে প্রতি সিরিজ ধরে-ধরে সহ-অধিনায়ক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।গত অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ পর্যন্ত সহ-অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ।২০০৮ সালের জানুয়ারিতে টেস্ট অভিষিক্ত তামিমের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে।
