২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার স্পিন কোচ ওয়ার্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন সর্বকালের সেরা লেগ-স্পিনার শেন ওয়ার্ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 02:31 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

আগামী ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

বৃহস্পতিবার দেশটির ক্রিকেট বোর্ড ‘সিএ’ এক বিবৃতিতে জানায়, প্রধান কোচ ড্যারেন লেম্যানের সঙ্গে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক এই স্পিনার।

আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। মার্চের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ঐ সময় অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন ৪৪ বছর বয়সী ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক ও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পাওয়া ওয়ার্ন দেশের ক্রিকেটের হয়ে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।

“দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার স্পিনারদের সঙ্গে কাজ করার ব্যাপারে আমি রোমাঞ্চিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে তাদের সঙ্গে কাজ করার জন্যে আমি মুখিয়ে আছি। বিশেষ করে (বোলিংয়ে) কৌশলগত ও তাদের মানসিক শক্তি বৃদ্ধিতে আমরা কাজ করবো।”

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া ওয়ার্ন ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। এছাড়া ১৯৪ ওয়ানডেতে তার শিকার ২৯৩ উইকেট।