২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির সভাতেও বড় ৩ বোর্ডের খসড়া প্রস্তাব

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুনর্গঠনের জন্য ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার খসড়া প্রস্তাব নিয়ে ক্রিকেট বিশ্বে এখন তোলপাড় চলছে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকছে এই বিষয়টি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 09:24 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বলেন, “খসড়া প্রস্তাব নিয়ে আমরা বোর্ড সভায় আলোচনা করবো। তখন সুযোগ থাকবে বিষয়গুলো দেখার এবং নিজেদের অবস্থান বোঝার।”ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে থাকা ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির তৈরি খসড়া প্রস্তাবে আইসিসির রাজস্ব বন্টন মডেল, প্রশাসনিক কাঠামো ও ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে টেস্ট মর্যাদা থাকলেও বাংলাদেশ কোনো টেস্ট খেলতে পারবে না। এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, “প্রস্তাবটি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে। তাই বোর্ড সভার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।”“আমরা আইসিসির সভার কাগজপত্র দুয়েক দিন আগে পেয়েছি। বোর্ড সভায় সেগুলো নিয়ে আলোচনা করবো,” যোগ করেন তিনি।ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির পুনর্গঠন প্রস্তাবের বিরোধিতা করবে বলে জানিয়েছে। এক বিবৃতিতে সাত পূর্ণ সদস্য দেশকে এই প্রস্তাবের বিরোধিতা করার আহ্বান জানিয়েছে ‘ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস’ বা ফিকাও।