মাহমুদুল্লাহর নৈপুণ্যে মধ্যাঞ্চলের জয়
মাহমুদুল্লাহ রিয়াদের নৈপুণ্যে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে ৩৭ রানে হারিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল।
মঙ্গলবার চতুর্থ ও শেষ দিনে প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়নদের হারাতে ৭ উইকেট হাতে নিয়ে ১৫১ রান প্রয়োজন ছিল দক্ষিণাঞ্চলের। কিন্তু ৩ উইকেটে ১৫৯ রান নিয়ে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহর ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ২৭২ রানে অলআউট হয়ে যায় তারা।প্রথম ইনিংসে ৯৪ রানে ৭ উইকেট নেয়া মাহমুদুল্লাহ দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে নেন ৫ উইকেট। সব মিলিয়ে ১৯০ রানের বিনিময়ে তার শিকার ১২টি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই মাহমুদুল্লার সেরা বোলিং।বিকেএসপির তিন নম্বর মাঠে মোহাম্মদ মিঠুনকে (১৪) বোল্ড করে দিনের তৃতীয় ওভারেই মধ্যাঞ্চলকে সাফল্য এনে দেন ইলিয়াস সানি। চার ওভার পর শুভাগত হোম চৌধুরীকেও (১) বিদায় করেন তিনি।এরপর প্রায় একাই খেলতে হয়েছে জিয়াউর রহমানকে। জিয়া ৭১ বলে দুটি চার ও ৪টি ছক্কায় ৪৫ রান করলেও দক্ষিণাঞ্চল হার এড়াতে পারেনি।জিয়া, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেনকে ফিরিয়ে মধ্যাঞ্চলকে জয় এনে দেয়া মাহমুদুল্লাহর হাতেই উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার।সংক্ষিপ্ত স্কোর:মধ্যাঞ্চল: ১৬৫ (মাহমুদুল্লাহ ৩৬, নুরুল ৩২; সোহাগ ৪/৬৭, রাজ্জাক ৩/৪৪) ও ৩৭৪ (মার্শাল ১২৬, শামসুর ৬৫, মাহমুদুল্লাহ ৪১; রাজ্জাক ৪/১০৩, তাইবুর ৩/৩৪)।দক্ষিণাঞ্চল: ২৩০ (মিঠুন ৮৮, ইমরুল ২২; মাহমুদুল্লাহ ৭/৯৪, ইলিয়াস ২/৩৪) ও ২৭২ (এনামুল ৬৭, সৌম্য ১১, ইমরুল ৭৪, মিঠুন ১৪, তাইবুর ২৩, শুভাগত ১, জিয়া ৪৫, সোহাগ ২৩, রাজ্জাক ৭, রুবেল ০, রবিউল ১*; মাহমুদুল্লাহ ৫/৯৬, ইলিয়াস ৩/৮১, শহীদ ১/৩২, শাহাদাত ১/৪২)।ম্যাচ সেরা: মাহমুদুল্লাহ রিয়াদ।
