জমেছে মধ্য ও দক্ষিণাঞ্চলের ম্যাচ
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের মধ্যকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জমে উঠেছে। জয়ের জন্য মঙ্গলবার শেষ দিন ১৫১ রান চাই দক্ষিণাঞ্চলের আর গতবারের চ্যাম্পিয়নদের চাই ৭ উইকেট।
সোমবার বিকেএসপির ৫ উইকেটে ৩১৮ রান নিয়ে খেলা শুরু করে মধ্যাঞ্চল। তৃতীয় দিন মাত্র ৫৬ রান যোগ করেই শেষ ৫ উইকেট হারিয়ে ৩৭৪ রানে অলআউট হয়ে যায় দলটি।
আগের দিন ১২২ রান করা মার্শাল আইয়ুব ৪ রান যোগ করেই বিদায় নেন।
দক্ষিণাঞ্চলের পক্ষে অধিনায়ক আব্দুর রাজ্জাক ৪ উইকেট নেন ১০৩ রানে। তাইবুর রহমান ৩ উইকেট নেন ৩৪ রানে।
প্রথম ইনিংসে ৬৫ রানে এগিয়ে থাকায় জয়ের জন্য দক্ষিণাঞ্চলের লক্ষ্য দাঁড়ায় ৩১০ রান।
৩১ রানে সৌম্য সরকারের বিদায়ে দক্ষিণাঞ্চলের শুরুটা ভালো না হলেও দলকে ১ উইকেটে ১৪৪ রানের স্বস্তিদায়ক জায়গায় পৌঁছে দেন ইমরুল কায়েস ও এনামুল হক।
টেস্ট দল থেকে বাদ পড়া এনামুলের সঙ্গে ১১৩ রানের জুটি গড়ার পথে ৭৪ রানের চমৎকার ইনিংস খেলেন জাতীয় দলে ফেরা ইমরুল। তার ৯৯ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা।
৬৭ রান করে এনামুলের বিদায়ে খেলায় ফিরে মধ্যাঞ্চল। এনামুলের ১২৬ বলের ইনিংসটি সাজানো ১১টি চার ও ১টি ছক্কায়।
প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২ উইকেট নিয়েছেন ৬৪ রানে।
অন্য ম্যাচে তাইজুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে তিন দিনেই ৭ উইকেটে হারিয়েছে বিসিবি উত্তরাঞ্চল। সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল: ১৬৫ (মাহমুদুল্লাহ ৩৬, নুরুল ৩২; সোহাগ ৪/৬৭, রাজ্জাক ৩/৪৪) ও ৩৭৪ (নাফীস ২৭, শামসুর ৬৫, মার্শাল ১২৬, রকিবুল ৩১, মাহমুদুল্লাহ ৪১, ইলিয়াস ২, মেহরাব ১৮, নুরুল ৩১, আরাফাত ৩, শাহাদাত ০, শহিদ ০*; রাজ্জাক ৪/১০৩, তাইবুর ৩/৩৪, সোহাগ ২/৭৭, রবিউল ১/৩২)।
দক্ষিণাঞ্চল: ২৩০ (মিঠুন ৮৮, ইমরুল ২২; মাহমুদুল্লাহ ৭/৯৪, ইলিয়াস ২/৩৪) ও ১৫৯/৩ (এনামুল ৬৭, সৌম্য ১১, ইমরুল ৭৪, মিঠুন ৭*, তাইবুর ০*; মাহমুদুল্লাহ ২/৬৪, ইলিয়াস ১/৩৫)।
