শেষ দিনের রোমাঞ্চর অপেক্ষায় শারজা টেস্ট
চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ১৩৩/৫। প্রথম ইনিংসে ৮৭ রানের লিড পাওয়া অতিথিরা সব মিলিয়ে এগিয়ে আছে ২২০ রানে। শারজায় তৃতীয় ও শেষ টেস্টের শেষ দিনে তাই শ্রীলঙ্কা বা পাকিস্তানের জয় অথবা ড্র – এই তিনটির যে কোনো একটি ফলাফল হওয়া সম্ভব।
রোববার ৬ উইকেটে ২৯১ রান নিয়ে ব্যাট করতে নামা পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩৪১ রানে। ৩৬ রান নিয়ে দিন শুরু করা মিসবাহ-উল-হকের ব্যাট থেকে আসে ৬৩ রান। টেস্টে ২৪তম অর্ধশতক করা পাকিস্তান অধিনায়ক চতুর্থ ছক্কা মারতে গিয়ে লং-অনে ক্যাচ দেন দীনেশ চান্দিমালকে।মিসবাহকে ফিরিয়ে দেয়া রঙ্গনা হেরাথ ১২৫ রানে নেন ৫ উইকেট। টেস্টে সপ্তদশবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার।৬০ রানে পেসার শামিন্দা এরাঙ্গার শিকার চারটি। টেস্টে এটাই তার সেরা বোলিং। আগের সেরা ছিল কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪/৬৫, ২০১১ সালে।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৯ রানে ৪ উইকেট হারানোর পর মাহেলা জয়াবর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৩৮ রানের জুটি কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছিল শ্রীলঙ্কা দলে।এক সময় মনে হচ্ছিল দুজনে অপরাজিত থেকে দিন শেষ করবেন। কিন্তু সাঈদ আজমল তা হতে দেননি।দুবাইয়ে দ্বিতীয় টেস্টে ম্যাচ জেতানো ১২৯ রানের ইনিংস খেলা জয়াবর্ধনে আজমলকে সুইপ করে ডিপ স্কয়ার-লেগের ওপর দিয়ে ছক্কা মেরে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।তবে ‘প্রতিশোধ’ নিতেও ভুল হয়নি পাকিস্তানের তারকা অফস্পিনারের। শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে শর্ট লেগে আজহার আলীর ক্যাচে পরিণত করেন আজমল। জয়াবর্ধনের ৪৬ রানের ইনিংসে ঐ একটি ছক্কা ছাড়াও ৪টি চার ছিল।দিনশেষে অধিনায়ক ম্যাথিউস ১৪ ও প্রসন্ন জয়াবর্ধনে ৬ রানে অপরাজিত ছিলেন।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা: ৪২৮/৯ ডিক্লে. (পেরেরা ৯৫, ম্যাথিউস ৯১, সাঙ্গাকারা ৫২; জুনায়েদ ৩/৮১, তালহা ৩/৯৯) ও ১৩৩/৫ (করুনারত্নে ৮, সিলভা ৩৬, সাঙ্গাকারা ৮, জয়াবর্ধনে ৪৬, চান্দিমাল ১৩, ম্যাথিউস ১৪*, প্রসন্ন ৬*; রেহমান ২/৩৬, তালহা ২/৩৬, আজমল ১/৩৬)পাকিস্তান প্রথম ইনিংস: ৩৪১ (মনজুর ৫২, শেহজাদ ১৪৭, আজহার ৮, ইউনুস ১৭, মিসবাহ ৬৩, শফিক ১৮, সরফরাজ ৫, রেহমান ২, তালহা ২, আজমল ০*, জুনায়েদ ১৬; হেরাথ ৫/১২৫, এরাঙ্গা ৪/৬০, পেরেরা ১/৭১)।
