বিপিএলের শুনানি শুরু
রোববার থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ পাতানো অভিযোগের শুনানি।
তবে এই শুনানি চলতে পারে কি না সে ব্যাপারে ট্রাইব্যুনালের কাছে জানতে চেয়েছেন অভিযুক্তদের আইনজীবীরা।শুনানি শেষে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার নওরোজ এম আর চৌধুরী সাংবাদিকদের বলেন, “মূল বিচার শুরু হওয়ার আগে আজ প্রাথমিক শুনানি হয়েছে। আমরা জানতে চেয়েছি আইসিসির আমাদের ওপরে অভিযোগ আনার কোনো এখতিয়ার আছে কিনা। এবং আদৌ এই বিচার চলবে কিনা সেই প্রশ্নও আমরা উত্থাপন করেছি।”সেলিম চৌধুরী, শিহাব চৌধুরীসহ অভিযুক্ত সবাই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যুক্ত। দলটির তিন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মোশাররফ হোসেন ও মাহবুবুল আলম, বোলিং কোচ মোহাম্মদ রফিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গ্ল্যাডিয়েটর্সের দুই বিদেশি খেলোয়াড় ড্যারেন স্টিভেন্স ও কৌশল লোকুয়ারাচ্চির বিরুদ্ধে ম্যাচ পাতানো সম্পর্কে জেনেও কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগ আনা হয়েছে।ব্যারিস্টার নওরোজের দাবি, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কোচ ইয়ান পন্ট নাকি ম্যাচ পাতানো সম্পর্কে সব কিছু জানতেন। সেজন্য ৬ হাজার ডলারও নিয়েছেন তিনি। তবু তার নামে কোনো অভিযোগ না ওঠায় এ ব্যাপারে আইসিসির কাছে ট্রাইব্যুনাল জানতে চেয়েছে।বিপিএল বন্ধের জন্যই ম্যাচ পাতানোর অভিযোগ আনা হতে পারে বলে সন্দেহ ব্যারিস্টার নওরোজের। এ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশি খেলোয়াড়-কর্মকর্তাদের বিরুদ্ধেই শুধু গুরুতর অভিযোগ আনা হয়েছে। কোনো বিদেশির বিরুদ্ধে বড় কোনো অভিযোগ নেই। শুধু দুজনের বিরুদ্ধে সামান্য অভিযোগ আনা হয়েছে। আমরা বলেছি, এটা বিপিএল বন্ধ করার একটা পাঁয়তারা।”রোববার শুনানিতে ড্যারেন স্টিভেন্স ছাড়া অভিযুক্তদের আর কেউ উপস্থিত ছিলেন না। রফিকের কোনো আইনজীবী নেই। জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ট্রাইব্যুনালকে লিখিতভাবে জানিয়েছেন যে তিনি নির্দোষ। তার ব্যাপারে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেয়ার কথাও জানিয়েছেন তিনি।মঙ্গলবার সকাল থেকে আবার শুনানি শুরু হবে।
