হার দিয়ে নিউ জিল্যান্ড সফর শুরু ভারতের
বিফলে গেল বিরাট কোহলির অনবদ্য শতক। রোববার নেপিয়ারে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ২৪ রানে হেরে গেছে সফররত ভারত।
ম্যাকলিন পার্কে টস হেরে ব্যাট করতে নামা নিউ জিল্যান্ড সাত উইকেটে ২৯২ রানের ইনিংস গড়ে। জবাবে কোহলির ১২৩ রানের আক্রমণাত্বক ইনিংসে জয়ের আশাও জেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতে ২৬৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানোর ধোনির সিদ্ধান্তটা ভালোই ছিল। ৩২ রানের মধ্যে স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও জেসি রাইডারকে ফিরিয়ে দিয়ে শুরুতে সাফল্যও পায় তারা। কিন্তু ১২১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে সে ধাক্কা সামলে ওঠেন কেন উইলিয়ামস ও রস টেইলর।
উইলিয়ামসন ৮৮ বলে সাতটি চারের সাহায্যে সর্বোচ্চ ৭১ রান করেন। টেইলরের ৫৫ রানের ইনিংসটি অনেকটাই ধীরগতির, ৮২ বলে মাত্র একটি চার মারেন তিনি।
তবে দলকে তিনশ’র কাছাকাছি পৌঁছে দিতে বিধ্বংসী ইনিংস খেলেন ছয় নম্বরে ব্যাট করতে নামা কোরি অ্যান্ডারসন। ৪০ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি।
ভারতের পক্ষে ৫৫ রান দিয়ে চার উইকেট নেন পেসার মোহাম্মদ সামি। এটাই ওয়ানডেতে সামির সেরা বোলিং।
দলীয় ১৫ রানে রোহিত শর্মার উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় ভারত। তবে শিখর ধাওয়ানের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে ঐ বিপদ কাটিয়ে ওঠেন কোহলি। দলীয় ৭৩ রানে ধাওয়ান ফিরে যাওয়ার পর অজিঙ্কা রাহানে ও সুরেশ রায়নার দ্রুত বিদায়ে এক সময় ভারতের স্কোর দাঁড়ায় ১২৯/৪।
ওখান থেকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৮৫ বলে ৯৫ রানের জুটি গড়ে জয়ের আশা জাগিয়ে তোলেন কোহলি। ব্যক্তিগত ৪০ রানে ধোনির আউটে ভাঙ্গে এ জুটি। এরপর রবীন্দ্র জাদেজা আর ক্যারিয়ারে ১৮তম ওয়ানডে শতক করে কোহলির (১২৩) বিদায়ে জয়ের দেখা আর পায়নি ভারত। কোহলির ১১১ বলের ইনিংসে ১১টি চার ও দু’টি ছক্কা।
স্বাগতিকদের পক্ষে ৬৮ রানের বিনিময়ে চার উইকেট নেন পেসার মিচেল ম্যাকক্লেনাগান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৯২/৭ (গাপটিল ৮, রাইডার ১৮, উইলিয়ামসন ৭১, টেইলর ৫৫, ব্রেন্ডন ম্যাককালাম ৩০, অ্যান্ডারসন ৬৮*, রনকি ৩০, নাথান ম্যাককালাম ২, সাউদি ৩*; সামি ৪/৫৫, ভুবনেশ্বর ১/৩৮, জাদেজা ১/৬১, শর্মা ১/৭২)
ভারত: ৪৮.৪ ওভারে ২৬৮ (শর্মা ৩, ধাওয়ান ৩২, কোহলি ১২৩, রাহানে ৭, রায়না ১৮, ধোনি ৪০, জাদেজা ০, অশ্বিন ১২, ভুবনেশ্বর ৬, শর্মা ৫, সামি ৭*; ম্যাকক্লেনাগান ৪/৬৮, অ্যান্ডারসন ২/৫১, উইলিয়ামসন ১/৯, মিলনে ১/৪০, সাউদি ১/৪৩)
ম্যাচ সেরা: কোরি অ্যান্ডারসন
