ড্রর পথে নর্থ জোন, সাউথ জোনের লড়াই
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বিসিবি নর্থ জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোনের প্রথম রাউন্ডের ম্যাচটি ড্রর পথে এগোচ্ছে।
মঙ্গলবার তৃতীয় দিনে নর্থ জোনের ৪২১ রানের জবাবে ৮ উইকেটে ৪২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে সাউথ জোন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে নর্থ জোনের সংগ্রহ ৩ উইকেটে ১৫৫ রান। ৭ উইকেট হাতে নিয়ে গতবারের রানার্সআপরা ১৪৯ রানে এগিয়ে আছে।৩ উইকেটে ২৮৯ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের দ্বিতীয় ওভারেই ইমরুল কায়েসকে হারিয়ে ফেলে সাউথ জোন। ১২৭ রান নিয়ে শুরু করা ইমরুল মঙ্গলবার কোনো রান করতে পারেননি।৬ ওভার পর শুভাগত হোম চৌধুরীও বিদায় নিলে স্কোর দাঁড়ায় ৩১১/৫। তবে জিয়াউর রহমান (৪০), তাইবুর পারভেজ (৩২), সোহাগ গাজী (২৪) ও অধিনায়ক আব্দুর রাজ্জাকের (অপরাজিত ১৫) দৃঢ়তা লিড এনে দেয় সাউথ জোনকে।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নর্থ জোনের উদ্বোধনী জুটি ব্যর্থ। প্রথম ইনিংসে ১ রানের জুটি গড়া জুনায়েদ সিদ্দিক ও জহুরুল ইসলামের জুটি মঙ্গলবার ভেঙ্গে গেছে শূন্য রানে।তবে ফরহাদ হোসেনের (৪১) সঙ্গে ৬০ ও অধিনায়ক মুশফিকুর রহিমের (অপরাজিত ২৬) সঙ্গে ৫৫ রানের দুটো ভালো জুটি গড়ে দলে স্বস্তি ফিরিয়ে এনেছেন নাঈম ইসলাম (অপরাজিত ৫৯)।সংক্ষিপ্ত স্কোর:নর্থ জোন: ৪২১ (ফরহাদ রেজা ১৫৩, নাসির ৯৯, ফরহাদ হোসেন ৭৬; রবিউল ৩/৪৪, রাজ্জাক ৩/১০৫) ও ১৫৫/৩ (জহুরুল ০, জুনায়েদ ২৪, ফরহাদ ৪১, নাঈম ৫৯*, মুশফিক ২৬*; রবিউল ২/৪০, আল-আমিন ১/৪৩)সাউথ জোন: ৪২৭/৮ ডিক্লে. (এনামুল ৩, সৌম্য ৪২, ইমরুল ১২৭, মিঠুন ১০৭, তাইবুর ৩২, শুভাগত ১০, জিয়া ৪০, সোহাগ ২৪, রাজ্জাক ১৫*, রবিউল ০*; তাইজুল ৪/৯৭, রেজা ২/৬৯, নাজমুল ১/৬৯, সজীব ১/১১১)
