ফিঞ্চের শতকে অস্ট্রেলিয়ার সহজ জয়
অ্যাশেজে ৫-০ ব্যবধানে বিজয়ী অস্ট্রেলিয়ার জয়ের ধারা অব্যাহত। রোববার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের শতকের সুবাদে ইংল্যান্ডকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে মাইকেল ক্লার্কের দল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের শুরুটা একদমই ভালো হয়নি। দিনের চতুর্থ বলে অধিনায়ক অ্যালেস্টার কুক এবং সপ্তম ওভারে জো রুটকে ফিরিয়ে অতিথিদের ২ উইকেটে ২২ রানে পরিণত করেন পেসার ক্লিন্ট ম্যাকাই।এরপর গ্যারি ব্যালান্সের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে ইয়ান বেল (৪১) বিদায় নিলে স্কোর দাঁড়ায় ৬২/৩।এমন অস্বস্তিকর অবস্থা থেকে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরানোর কৃতিত্ব মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ব্যালান্সের। চতুর্থ উইকেটে ওয়েন মর্গানের সঙ্গে ৮৫ বলে ৮৩ রানের জুটি গড়েন তিনি।৪৭ বলে ৫০ রান করেন মর্গান। ৯৬ বলে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান ব্যালান্সের।এই দুজনের বিদায়ের পর অষ্টম উইকেটে জস বাটলার (২৪ বলে অপরাজিত ৩৪) ও টিম ব্রেসনানের (৯ বলে অপরাজিত ১৬) ২৬ বলে ৪১ অবিচ্ছিন্ন রানের জুটি ৭ উইকেটে ২৬৯ রানের লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় অতিথি দলকে।জবাবে ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ১৬৭ বলে ১৬৩ রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়ার। ওয়ানডেতে দ্বিতীয় শতকের দেখা পাওয়া ফিঞ্চের ১২৮ বলে ১২১ রানের ম্যাচ জেতানো ইনিংসটা ১২টি চারে সাজানো। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।৭২ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৫ রান করেন ওয়ার্নার। স্বাগতিকদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৪৩ রান অধিনায়ক ক্লার্কের।আগামী শুক্রবার দ্বিতীয় ওয়ানডের ভেন্যু ব্রিসবেনের গ্যাবা।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড: ৫০ ওভারে ২৬৯/৭ (কুক ৪, বেল ৪১, রুট ৩, ব্যালান্স ৭৯, মর্গান ৫০, বোপারা ১৭, স্টোকস ২১, বাটলার ৩৪*, ব্রেসনান ১৬*; ম্যাকাই ৩/৪৪, ডোহার্টি ১/২৯, ম্যাক্সওয়েল ১/৪০, কোল্টার-নাইল ১/৫১, ফকনার ১/৬৮)অস্ট্রেলিয়া: ৪৫.৪ ওভারে ২৭০/৪ (ফিঞ্চ ১২১, ওয়ার্নার ৬৫, ওয়াটসন ০, ক্লার্ক ৪৩, বেইলি ১৭*, ম্যাক্সওয়েল ৮*; রুট ১/১১, জর্ডান ১/৫০, ব্রেসনান ১/৫৬, স্টোকস ১/৬৪)ম্যাচ সেরা: অ্যারন ফিঞ্চ।
