নাসিরের শতক না পাওয়ার আক্ষেপ
মাত্র এক রানের জন্য শতকের দেখা পাননি নাসির হোসেন। তবে তার ৯৯ রানের সঙ্গে ফরহাদ হোসেন ও ফরহাদ রেজার দুটো অর্ধশতকের যোগফলে বড় সংগ্রহ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে বিসিবি নর্থ জোন।
রোববার প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম পর্বের প্রথম দিন শেষে নর্থ জোনের সংগ্রহ ৮ উইকেটে ৩৩১ রান।বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই জুনায়েদ সিদ্দিকের বিদায়ে শুরুটা ভালো হয়নি নর্থ জোনের।এরপর ফরহাদ হোসেন দ্বিতীয় উইকেটে জহুরুল ইসলামের (৩২) সঙ্গে ৪১ ও তৃতীয় উইকেটে নাঈম ইসলামের (২৪) সঙ্গে ৭৮ রানের জুটি গড়লেও ১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যায় তারা।রবিউল ইসলামের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৭৬ রান করেন ফরহাদ হোসেন। ১৬৩ বলের ইনিংসটিতে ১৩টি চার।নর্থ জোনের অস্বস্তিতে পড়ার পেছনে অধিনায়ক মুশফিকুর রহিমের দায়ও কম নয়। কোনো রান করার আগেই অফস্পিনার সোহাগ গাজীর বলে সৌম্য সরকারকে ক্যাচ দেন জাতীয় দলের অধিনায়ক।তবে নাসিরের আক্রমণাত্মক ব্যাটিং সব দুশ্চিন্তা দূর করে দেয় নর্থ জোনের। শতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যাওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ৯৩ বলের দারুণ ইনিংসটি ১৪টি চার ও দুটি ছক্কায় সাজানো।সপ্তম উইকেটে ফরহাদ রেজার সঙ্গে মাত্র ২২.১ ওভারে ১৪১ রানের জুটি গড়েন নাসির। দিন শেষে রেজা ৭৬ রানে অপরাজিত। তার ৮৮ বলের ইনিংসে ১১টি চার ও দুটি ছক্কা।৩৫ রানে ৩ উইকেট নিয়ে সাউথ জোনের সেরা বোলার রবিউল।সংক্ষিপ্ত স্কোর:নর্থ জোন প্রথম ইনিংস: ৩৩১/৮ (জহুরুল ৩২, জুনায়েদ ০, ফরহাদ ৭৬, নাঈম ২৪, মুশফিক ০, নাসির ৯৯, সাব্বির ৮, রেজা ৭৬*, নাজমুল ০, তাইজুল ১০*; রবিউল ৩/৩৫, রাজ্জাক ২/৮৬, সৌম্য ১/২৬, সোহাগ ১/৮১)
