বিসিএল আমাদের জন্য গুরুত্বপূর্ণ: মুশফিক
আগামী ২৪ জানুয়ারি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আসার কথা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট লিগকে (বিসিএল) ভীষণ গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
২৭ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে বিসিএলে দুটো করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা।রোববার থেকে শুরু হতে যাওয়া প্রথম রাউন্ডে বিকেএসপির তিন নম্বর মাঠে মুশফিকের দল বিসিবি নর্থ জোনের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক সাউথ জোন। আর বিকেএসপির দুই নম্বর মাঠের দুই প্রতিপক্ষ ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।এই প্রতিযোগিতায় নিজেদের লক্ষ্য সম্পর্কে মুশফিক বলেন, “এখন আমাদের সম্পূর্ণ মনযোগ শ্রীলঙ্কা সিরিজের দিকে। আমরা বিসিএলকে তারই প্রস্তুতি হিসেবে নিচ্ছি। তাই সবাই খুব সিরিয়াসলি অনুশীলন করছে।”বাংলাদেশের অধিনায়কের ধারণা, গত মাসে অনুষ্ঠিত বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের মতো বিসিএলেও তীব্র লড়াই হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রতিযোগিতায় দেশের সেরা ক্রিকেটাররা চারটি দলে ভাগ হয়ে খেলবে। ক্রিকেটারদের স্কিল দিন দিন বাড়ছে। গত বছর বিসিএলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। আশা করি এবারো তাই হবে।”
