জীবন বাচাঁলেন ব্রড-প্রায়র
অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাশেজ খোয়ালে কি হবে, সেখানে একটা মহৎ কাজ করেছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড ও ম্যাট প্রায়র। সিডনিতে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনেছেন এক ব্যক্তিকে।
বুধবার গণমাধ্যমগুলো জানায়, সিডনির ডার্লিং হারবারের একটি সেতুর ওপর থেকে ঝাঁপ দিতে উদ্যত এক ব্যক্তির সঙ্গে কথা বলে তাকে আত্মহত্যার পথ থেকে ফিরে আনেন ব্রড ও প্রায়র।
বার্মি আর্মিদের (ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী) একটি অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পথে প্রায়র, ব্রড এবং ইংল্যান্ডের নিরাপত্তা কর্মকর্তা টেরি মিনিশ তাকে দেখতে পেয়েছিলেন।
ইংল্যান্ডের ডেইলি টেলিগ্রাফকে প্রায়র বলেন, “এই পরিস্থিতি অন্য একজন যা করত, আমরা ঠিক তাই করেছি। সব কিছু খুব দ্রত ঘটেছে আর আমারাও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছি। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া একজন মানুষকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি।”
অস্ট্রেলিয়ায় ৫-০ ব্যবধানে সিরিজ হেরে বিধ্বস্ত ইংল্যান্ডের ক্রিকেটাদেরও কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। উইকেটরক্ষক ম্যাট প্রায়রের জন্য অবস্থা আরো খারাপ, বাজে খেলার কারণে শেষ দুটি ম্যাচে দলে জায়গাই পাননি তিনি।
জীবন বাঁচানোর কৃতিত্ব প্রায়রকে দিয়ে ব্রড টুইট করেন, “আমি তার (প্রায়র) জন্য গর্বিত। এটা ছিল কঠিন পরিস্থিতি তবে আমি খুশি সেখানে সে ছিল।”
