এডওয়ার্ডস, ব্রাভোর শতকে উইন্ডিজের জয়
কার্ক এডওয়ার্ডস ও ডোয়াইন ব্রাভোর শতকে পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ২০৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
পাঁচ ম্যাচের সিরিজ শেষ হল ২-২ সমতায়। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে জেতার পর দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। পরের দু'টিতে অতিথিদের হারিয়ে এগিয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড।
বুধবার হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩৬৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৯ ওভার ৫ বলে ১৬০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় জয়ের সম্ভাবনা কখনো জাগাতে পারেনি নিউ জিল্যান্ড।
জেসি রাইডার (১৭) ও কেন উইলিয়ামসন (১৬) দুই অঙ্কে পৌঁছালেও ৬৫ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে নিউ জিল্যান্ড।
স্বাগতিকরা তাকিয়ে ছিল তৃতীয় ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড গড়া কোরি অ্যান্ডারসনের দিকে। সর্বোচ্চ ২৯ রান করলেও তিনি হতাশ করেছেন ভক্তদের। শেষ দিকে কাইল মিলস (২৬) ও নাথান ম্যাককালামের সৌজন্যে কোনো রকমে দেড়শ' পার হয় নিউ জিল্যান্ড।
৪৫ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার নিকিতা মিলার।
আগের দুই ম্যাচে স্বাগতিকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলেও শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে বোলারদের উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। সামনে থেকেই এতে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ডোয়াইন ব্রাভো।
মাত্র ৪৪ বলে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে কাইরন পাওয়েলের ৭৩ রানে ঝড়ো ইনিংস উড়ন্ত সূচনা এনে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ১২ ওভার ১ বল স্থায়ী উদ্বোধনী জুটি ভেঙ্গে পাওয়েলের বিদায়ের পর অতিথিদের রানের গতি মন্থর হয়ে পড়ে।
২৪তম ওভারে ১৪৩ রানে তৃতীয় উইকেটের পতনের পর ক্রিজে আসা ব্রাভো ও তিন নম্বর ব্যাটসম্যান এডওয়ার্ডসের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বড় সংগ্রহ পায় অতিথিরা।
চতুর্থ উইকেটে ২৫ ওভারে ২১১ রানের জুটি উপহার দেন ব্রাভো-এডওয়ার্ডস। ৪৯তম ওভারে বিদায় নেয়ার আগে ১০৬ রান করেন ম্যাচ সেরা ব্রাভো। তার ৮১ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের এটি দ্বিতীয় শতক।
ক্যারিয়ারের প্রথম শতকে পৌঁছানো এডওয়ার্ডস অপরাজিত ছিলেন ১২৩ রানে। তার ১০৮ বলের ইনিংসটি ১২টি চার ও ৪টি ছক্কায় সাজানো।
