৫-০ লক্ষ্যের আরো কাছে অস্ট্রেলিয়া
বোলারদের দাপটে সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষেই জয় দেখছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ১৫৫ রানে গুটিয়ে দিয়ে শনিবার দিন শেষে ৪ উইকেটে ১৪০ রান করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা এগিয়ে আছে ৩১১ রানে।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ক্রিকেটের সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বীকে ১৯২০-২১ ও ২০০৬-০৭ মৌসুমের পর তৃতীয়বারের মতো ৫-০ তে বিধ্বস্ত করার পথেই রয়েছে স্বাগতিকরা।
প্রথম চার টেস্টে হেরে সিরিজ খোয়ানো ইংল্যান্ডের জয়ের স্বপ্ন ফিকে হতে বেশি সময় লাগেনি। ১ উইকেটে ৮ রানে খেলা শুরু করে মাত্র ২৩ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে ইংল্যান্ড।
দলকে আরো বিপদের হাত থেকে রক্ষা করেন বল হাতেও সাফল্য পাওয়া বেন স্টোকস। তবে ফলোঅন এড়াতে তার ৪৭ রানও যথেষ্ট ছিল না। ১১২ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে স্টোকসের বিদায়ের পর দশ নম্বর ব্যাটসম্যান ক্রিস ব্রডের (অপরাজিত ৩০) দৃঢ়তায় ফলোঅন এড়িয়েছে ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার পক্ষে পিটার সিডল (৩/২৩), মিচেল জনসন (৩/৩৩) ও রায়ান হ্যারিস (৩/৩৬) তিনটি করে উইকেট নেন।
১৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়ার অবস্থান আরো সুসংহত করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস রজার্স।
ডেভিড ওয়ার্নার (১৬), শেন ওয়াটসন (৯), মাইকেল ক্লার্ক (৬) ও স্টিভেন স্মিথ (৭) দ্রুত ফিরে গেলেও দলকে কক্ষপথে রাখার কৃতিত্ব রজার্সের। ৮৯ বলে ৯টি চারের সাহায্যে ৭৩ রানে ব্যাট করছেন তিনি। তার সঙ্গী জর্জ বেইলি ২০ রানে অপরাজিত আছেন।
