২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেলসনে নিউ জিল্যান্ডের সহজ জয়

বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৫৮ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 02:22 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শেষ দুই ম্যাচে নেই স্যামি

অ্যান্ডারসন, রাইডার ঝড়ে বিধ্বস্ত উইন্ডিজ

টানা দুই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে নিউ জিল্যান্ড। বুধবার হ্যামিল্টনে হবে পঞ্চম ওয়ানডে।

শনিবার নেলসনের সাক্সটন ওভালের অভিষেক ম্যাচে টস জিতে ৬ উইকেটে ২৮৫ রান করে নিউ জিল্যান্ড।

স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ম্যাচ সেরা মার্টিন গাপটিল। ১১৯ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮১ রান করার পথে জেসি রাইডার (৪৭), কেন উইলিয়ামসন (৪৭) ও রস টেইলরের সঙ্গে পঞ্চাশোর্ধ তিনটি চমৎকার জুটি উপহার দেন তিনি।

৪২তম ওভারে ২০৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে গাপটিলের বিদায়ের পর দলকে তিনশ' রানের কাছাকাছি পৌঁছে দেয়ার কৃতিত্ব রস টেইলর ও কোরি অ্যান্ডারসনের।

৪৪ বলে ৫টি চারের সাহায্যে ৪৯ রান করেন টেইলর। আগের ম্যাচেই ৩৬ বলে শতক হাঁকিয়ে দ্রুততম শতকের রেকর্ড গড়া অ্যান্ডারসন অপরাজিত থাকেন ১৭ রানে।

৩৫ রানে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার অধিনায়ক ডোয়াইন ব্রাভো।

নিয়মিত একাদশের ছয় খেলোয়াড়ের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ কতটা শক্তি হারিয়েছে প্রতিরোধহীন পরাজয়ে মিলেছে তারই প্রমাণ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২ রানেই সাজঘরে ফিরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। এরপর লেন্ডল সিমন্স (৪৩) ও ব্রাভো (অপরাজিত ৪৩) চেষ্টা করলেও জয়ের সম্ভাবনা কখনোই জাগাতে পারেনি অতিথিরা।

ওয়েস্ট ইন্ডিজ ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেটে ১৩৪ রান করার পর বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি। জয়ের জন্য সে সময় ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৯৩ রান।