২৪১ রানে এগিয়ে শ্রীলঙ্কা
প্রথম ইনিংসে মাত্র ৯ রানের জন্য শতক করতে পারেননি। সেই হতাশা ভুলে আবুধাবিতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথিউস ১১৬ রানে অপরাজিত।
ম্যাথিউসের অধিনায়কোচিত ইনিংসের সঙ্গে দীনেশ চান্দিমাল ও উইকেটরক্ষক প্রসন্ন জয়াবর্ধনের দৃঢ়তাভরা ব্যাটিংয়ের যোগফলে বড় লিড নেয়ার পথে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ১৭৯ রানে পিছিয়ে থাকা অতিথি দল ৫ উইকেটে ৪২০ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে। শ্রীলঙ্কানরা তাই এগিয়ে ২৪১ রানে।শুক্রবার খেলা শুরু হওয়ার ঠিক আগে একটা দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। আগের দিনের শেষ বলে কৌশল সিলভার ক্যাচ নিতে গিয়ে আঙুলে ব্যথা পাওয়া উইকেটরক্ষক আদনান আকমলের টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে।ম্যাথিউসকে সঙ্গে নিয়ে দিন শুরু করা চান্দিমাল মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত দলের কোনো ক্ষতি হতে দেননি। পঞ্চম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েছেন দুজনে।ব্যক্তিগত ৭১ রানে আহমেদ শেহজাদের ব্যর্থতায় ‘জীবন’ পেলেও শতক করতে পারেননি চান্দিমাল। ৮৯ রানে দাঁড়িয়ে জুনায়েদ খানের বল হুক করতে গিয়ে ডিপ ফাইন-লেগে ক্যাচ দিয়েছেন তিনি। ১৬৬ বলের আক্ষেপজাগানো ইনিংসটিতে ১২টি চার।সারা দিনে পাকিস্তানের বোলারদের এই একটাই সাফল্য। চান্দিমালের বিদায়ের পর প্রসন্নকে (৪৮*) নিয়ে অবিচ্ছিন্ন ৯৬ রানের আরেকটি দারুণ জুটি গড়ার কৃতিত্ব দ্বিতীয় টেস্ট শতকের দেখা পাওয়া ম্যাথিউসের।২০১১ সালের সেপ্টেম্বরে কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০৫ রানকে ছাড়িয়ে যাওয়া ম্যাথিউসের ২৮২ বলের নিখুঁত ইনিংসটা সাজানো ১২টি চার ও একটি ছক্কায়।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা: ২০৪ (ম্যাথিউস ৯১, করুনারত্নে ৩৮; জুনায়েদ ৫/৫৮, বিলাওয়াল ৩/৬৫) ও ৪২০/৫ (করুনারত্নে ২৪, কৌশল ৮১, সাঙ্গাকারা ৫৫, জয়াবর্ধনে ০, চান্দিমাল ৮৯, ম্যাথিউস ১১৬*, প্রসন্ন ৪৮*; জুনায়েদ ৩/৮১, বিলাওয়াল ২/১৩১)পাকিস্তান: ৩৮৩ (ইউনুস ১৩৬, মিসবাহ ১৩৫; এরাঙ্গা ৩/৮০, হেরাথ ৩/৯৩)
