ওয়ানডে দলে ফিরলেন প্যাটিনসন, ওয়ার্নার
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন।
মঙ্গলবার ঘোষিত ১৪ সদস্যের দলে ফিরেছেন ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও।
গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন প্যাটিনসন। আর শেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন গত জুলাইয়ের লর্ডস টেস্টে। ঐ ম্যাচের পর চোটের কারণে সেবারের ইংল্যান্ড ট্যুর শেষ হয়ে যায় ২৩ বছর বয়সী এই পেসারের।
ওয়ানডে দল থেকে ওয়ার্নারের বাদ পড়ার কারণ অবশ্য ভিন্ন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় বামিংহ্যামের একটি পানশালায় ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুটকে শারীরিকভাবে আঘাত করায় দলের বাইরে ছিটকে পড়েন তিনি। তবে চলতি অ্যাশেজে দারুণ পারফর্ম করা ওয়ার্নারের ওয়ানডেতে ফেরাটা অনুমিতই ছিল।
এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও ব্যাটসম্যান শন মার্শ। চোটের কারণে গত অক্টোবর-নভেম্বরে ভারত সফরের সাত ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তারা। সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেছিল ভারত।
ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে হবে আগামী ১২ জানুয়ারি, মেলবোর্নে। ১৭, ১৯, ২৪ ও ২৬ জানুয়ারি হবে সিরিজের অপর চারটি ম্যাচ। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দল দুটি।
পাঁচ টেস্টের অ্যাশেজের প্রথম চারটি জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শন মার্শ, শেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চ, জর্জ বেইলি, ব্র্যাড হ্যাডিন (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসন, জেমস ফকনার, নাথান কোল্টার-নাইল, জেমস প্যাটিনসন, ক্লিন্ট ম্যাকায় ও জ্যাভিয়ের ডোহার্টি।
