তামিম ‘ঝড়ে’ ফাইনালে বিসিবি একাদশ
৬৪ বলে ১৩০ রান, ১৬টি চার, ছক্কা ৪টি – এই পরিসংখ্যানেই পরিষ্কার প্রতিপক্ষের বোলারদের ওপরে দিয়ে কী ‘ঝড়’ বইয়ে দিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংস খেলে দলকে জয়ও এনে দিয়েছেন জাতীয় দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিমে ঝড়ো ব্যাটিংয়ের ওপরে ভর করে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে ২৯ রানে হারিয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে ইউসিবি-বিসিবি একাদশ।মঙ্গলবার একই ভেন্যুতে বেলা আড়াইটা থেকে শুরু হতে যাওয়া ফাইনালে তামিমের বিসিবি একাদশের প্রতিপক্ষ সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।লিগ পর্বে প্রাইম ব্যাংক ও বিসিবি একাদশের সংগ্রহ ৮ পয়েন্ট করে। তবে শ্রেয়তর নেট রান রেট প্রাইম ব্যাংককে শীর্ষে রেখেছে।৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে মোহামেডান। মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আবাহনী।মোহামেডানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১৭ রান করে বিসিবি একাদশ। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড স্পর্শ করেছে দলটি। গত ফেব্রুয়ারিতে বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষেও ৫ উইকেটে ২১৭ রান করেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতক করা তামিম ম্যাচ সেরা হওয়ার পথে মিঠুন আলীকে (২৭ বলে ৪১) সঙ্গে নিয়ে ১৩৭ রানের দারুণ এক জুটি উপহার দেন দলকে।মোহামেডানের পক্ষে দেওয়ান সাব্বির ৫৩ রানে নেন ২ উইকেট।জবাবে ১৮ ওভার ৪ বলে ১৮৮ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।জুনায়েদ সিদ্দিকের (৩৬) সঙ্গে জহুরুল ইসলামের ৫১ বলে ১১৮ রানের উদ্বোধনী জুটি মোহামেডানকে দারুণ সূচনা এনে দিয়েছিল। তবে ছয় বলের ব্যবধানে জহুরুল, জুনায়েদ ও মুমিনুল হকের (১) বিদায়ের ধাক্কা সামলে ঐতিহ্যবাহী দলটি জিততে পারেনি।৩১ বলে ৬টি বিশাল ছক্কা ও ৭টি চারের সাহায্যে ৮০ রান করা জহুরুল মোহামেডানের সেরা ব্যাটসম্যান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছাড়া মোহামেডানের আর কেউ ২০ রানও করতে পারেনি।২৯ রানে ৩ উইকেট নেন বিসিবি একাদশের মুক্তার আলী।
