২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ ক্রিকেটারদের টানা দ্বিতীয় জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ১৭০ রানের লক্ষ্য দিয়েও বোলারদের নৈপুণ্যে ১৬ রানে জিতেছে তরুণ ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 08:08 PM

Updated : 25 Apr 2022, 07:43 PM

সেই সঙ্গে গত এশিয়া কাপে এই আফগানিস্তানের কাছেই হারের প্রতিশোধও নিয়েছে তারা।

রোববার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের নার্সারি-১এ ‘বি’ গ্রুপের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ১ বলে ১৬৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

৩১ রানে প্রথম তিন ব্যাটসম্যান বিদায় নেয়ার পর মোসাদ্দেক হোসেনের (২৭) সঙ্গে নাজমুল হোসেনের ৫৭ রানের জুটি স্বস্তি ফিরিয়ে এনেছিল বাংলাদেশের সাজঘরে।

তবে দলীয় ৮৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মোসাদ্দেকের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে নাজমুলকে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৮ রানের দায়িত্ব ইনিংস খেলেন তিনি।

বাংলাদেশের শেষ তিন উইকেটের পতন হয় মাত্র এক রানের ব্যবধানে।

আফগানিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন আব্দুল্লাহ আদিল ও সাইয়েদ শিরজাদ।

জবাবে ৪৮ ওভার ৪ বলে ১৫৩ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

৬৭ রানে ছয় ৬ উইকেট হারানোর পর আফগান তরুণদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন অধিনায়ক নাসির আহমাদজাই। তবে তিনি ৫৩ রান করে রান আউট হয়ে যাওয়ার পর আর পেরে ওঠেনি আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়া আফগানিস্তান।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও অধিনায়ক মেহেদি হাসান দুটি করে উইকেট নেন।

মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

পুরনো খবর:

সহজ জয়ে শুরু তরুণ ক্রিকেটারদের