সহজ জয়ে শুরু তরুণ ক্রিকেটারদের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা হয়েছে বাংলাদেশের। মালয়শিয়াকে সহজেই ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা।
শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম নার্সারি-১এ ‘বি’ গ্রুপের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে আবু হায়দারের মারাত্মক বোলিংয়ে ২৫ ওভার ২ বলে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় মালয়শিয়া।৮ ওভার বল করে ৪টি মেইডেনসহ মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নেন বাঁহাতি পেসার হায়দার। যুবায়ের হোসেন ও মুস্তাফিজুর রহমানের শিকার দুটি করে উইকেট।মালয়শিয়ার পক্ষে ১৫ রান করা তাজুদিন ইসমাইল ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।জবাবে জাকির হাসানের (১৪) উইকেট হারিয়ে ১০ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাদমান ইসলাম ২৫ ও জয়রাজ শেখ ১০ রানে অপরাজিত থাকেন।রোববার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।
