২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যারেন ব্রাভোকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

রোববার দ্বিতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের জন্য দুঃসংবাদ। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে ‘হারিয়েছে’ তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

ওয়েস্ট ইন্ডিজ দলের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ব্যক্তিগত’ কারণে দেশে ফিরতে হচ্ছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে।

প্রথম টেস্টে ড্যারেন ব্রাভোর ক্যারিয়ার সেরা ২১৮ রানের সুবাদে হার এড়াতে পেরেছিল অতিথি দল। চোটের কারণে শেষ টেস্ট খেলতে পারেননি। তবু তিন ম্যাচের সিরিজে ৬৫.৫ গড়ে ২৬২ রান নিয়ে তিনিই ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জিতলেও ড্যারেন ব্রাভো অবশ্য ভালো খেলতে পারেননি। আউট হয়ে যান ১৪ রান করে।

ওয়ানডে সিরিজে ব্রাভোর জায়গায় কাউকে নিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিতে পারেন ক্রিস গেইল। পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার লক্ষ্যে গেইল এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন।