হাসানের ঝড়ো ব্যাটিংয়ে মোহামেডানের জয়
আগের ম্যাচে মাত্র ৪৫ রানে অলআউট হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। নুরুল হাসানের অপরাজিত ৭৯ রানের সুবাদে আবাহনী লিমিটেডকে সহজেই ৮ উইকেটে হারিয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে তারা।
৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার দলের এই প্রতিযোগিতায় আপাতত দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান ম্যাচে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করা আবাহনীর ফাইনালে খেলার সম্ভাবনা শেষ।শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭১ রান করে আবাহনী।সর্বোচ্চ ৫২ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। তার ৩৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান মিজানুর রহমানের। আবাহনীর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করেন ২৯ রান।মোহামেডানের পক্ষে ৪১ রানে ৩ উইকেট নেন দেওয়ান সাব্বির।জবাবে ১ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।জহুরুল ইসলাম (২২) ও জুনায়েদ সিদ্দিকের ৪২ রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত গড়ে দেয় ঐতিহ্যবাহী দলটির। এরপর জুনায়েদের (৪১) সঙ্গে ৭৮ ও মুমিনুল হকের (অপরাজিত ২২) সঙ্গে অবিচ্ছিন্ন ৫২ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে জয় এনে দেন হাসান।আগের চার ম্যাচে মাত্র ৩৫ রান করা উইকেটরক্ষক-ব্যাটসম্যান হাসানের ৪৭ বলের ঝড়ো ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা।
