শেষ ম্যাচে শ্রীলঙ্কার নাটকীয় জয়
পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে নাটকীয়ভাবে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
তবে আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এই হারে তেমন ক্ষতি হয়নি পাকিস্তানের। পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিক দলের জয়ের ব্যবধান ৩-২।
শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে অলআউট হওয়ার আগে ২৩২ রান করে পাকিস্তান।
সর্বোচ্চ ৫১ রান আসে মিসবাহ-উল-হকের ব্যাট থেকে। ১৩৭১ রান নিয়ে পাকিস্তানের অধিনায়ক এ বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক।
সিরিজে তিনটি শতক করা মোহাম্মদ হাফিজের অবদান ৪১ রান। ৩৮ বলে ৪১ রান করেই অপরাজিত থেকে যান আনওয়ার আলী।
লাসিথ মালিঙ্গা চারটি ও সুরাঙ্গা লাকমল তিনটি উইকেট নেন।
জবাবে কুশল পেরেরা (৪৭) ও তিলকরত্নে দিলশান (৪৫) ৭৪ বলে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়লেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
দীনেশ চান্দিমাল অবশ্য এক প্রান্ত ধরে রেখেছিলেন। শেষ পর্যন্ত তিনিই শ্রীলঙ্কানদের জয়ের নায়ক।
১৯৫ রানে ৮ উইকেট ফেলে দিয়ে জয়ের সুবাস পাচ্ছিল পাকিস্তান। কিন্তু নবম উইকেটে চান্দিমাল ও অজন্তা মেন্ডিসের মাত্র ২৫ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি ২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় অতিথি দলকে।
চান্দিমালের ৭০ বলে অপরাজিত ৬৪ রানের দৃঢ়তাভরা ইনিংসে একটি করে চার ও ছক্কা। আর ১৪ বলে দুটি চার ও একটি ছক্কায় ১৯ রানে অপরাজিত থেকে যান মেন্ডিস।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২৩২ (শারজিল ১৮, শেহজাদ ১৭, হাফিজ ৪১, মাকসুদ ৭, মিসবাহ ৫১, উমর ২০, আনওয়ার ৪১*, রেহমান ১, গুল ৮, আজমল ৮, জুনায়েদ ০; মালিঙ্গা ৪/৫৭, লাকমল ৩/৪২, ম্যাথিউস ১/২৬, মেন্ডিস ১/৪২)
শ্রীলঙ্কা: ৪৯.৪ ওভারে ২৩৫/৮ (কুশল ৪৭, দিলশান ৪৫, সাঙ্গাকারা ২২, চান্দিমাল ৬৪*, প্রিয়াঞ্জন ১, ম্যাথিউস ৮, ভিথানাগে ১৪, সেনানায়েকে ৩, মালিঙ্গা ০, মেন্ডিস ১৯*; জুনায়েদ ৩/৩১, আজমল ২/৪৩, হাফিজ ১/৩৬, আনওয়ার ১/৩৬, গুল ১/৪৪)
ম্যাচ সেরা: দীনেশ চান্দিমাল
সিরিজ সেরা: মোহাম্মদ হাফিজ।
