২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেইনের তোপে বিধ্বস্ত ভারত

জোহানেসবার্গে প্রথম টেস্টে মাত্র এক উইকেট। ডারবানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও কোনো সাফল্য নেই। দলের ‘প্রধান অস্ত্র’কে নিয়ে দক্ষিণ আফ্রিকা যখন দুশ্চিন্তায় ঠিক তখনই জ্বলে উঠলেন ডেল স্টেইন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 11:15 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

গতি আর সুইংয়ের অনুপম প্রদর্শনীতে ৬ উইকেট নিয়ে ভারতের প্রথম ইনিংস ৩৩৪ রানে শেষ করে দিতে এই ফাস্ট বোলারের সবচেয়ে বড় ভূমিকা।

জবাবে বিনা উইকেটে ৮২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিক দল। দিনশেষে অধিনায়ক গ্রেম স্মিথ ৩৫ ও আলভিরো পিটারসেন ৪৬ রানে অপরাজিত।

বৃহস্পতিবার প্রথম দিন আলোক স্বল্পতার কারণে চা-বিরতির পর ৮ ওভারের বেশি খেলা হয়নি। শুক্রবার দ্বিতীয় দিন সকাল থেকে বৃষ্টি। তাই খেলা শুরু হয় মধ্যাহ্ন-বিরতির পর।

১ উইকেটে ১৮১ রান নিয়ে ভারত তখন সুদৃঢ় অবস্থানে। ৯১ রানে অপরাজিত মুরালি বিজয়কে হাতছানি দিচ্ছিল চতুর্থ টেস্ট শতক। কিন্তু তিন অঙ্কের ঘরে যেতে পারেননি ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান।

দিনের ষষ্ঠ ওভারে চেতেশ্বর পুজারাকে উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্সের গ্লাভসবন্দী করে দক্ষিণ আফ্রিকানদের প্রথম সাফল্য এনে দেন স্টেইন। ৫৮ রান নিয়ে শুরু করা পুজারা শুক্রবার ১২ রানের বেশি করতে পারেননি। পুজারা ও বিজয়ের দ্বিতীয় উইকেট জুটির অবদান ১৫৭ রান।

স্টেইনের পরের ওভারে বিজয়ও কট বিহাইন্ড। মাত্র ৩ রানের জন্য শতকবঞ্চিত বিজয়ের ৯৭ রানের আক্ষেপভরা ইনিংসে ১৮টি চার।

পরের বলেই রোহিত শর্মা বোল্ড হয়ে গেলে ৪ উইকেটে ১৯৯ রানে পরিণত হয় ভারত।

এরপর বিরাট কোহলিকে (৪৬) নিয়ে ৬৬ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (২৪) সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে দলকে তিন শ’র ওপরে নিয়ে যান অজিঙ্কা রাহানে। কিন্তু ৫ ওভার স্থায়ী এক ‘সাইক্লোন’ উড়িয়ে নিয়ে গেছে অতিথিদের।

স্টেইনের সঙ্গে মরকেল আর জেপি ডুমিনিও ধ্বংসযজ্ঞে যোগ দেয়ায় ১৪ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে ভারত। এক প্রান্ত আগলে থেকে সেই ধ্বংসযজ্ঞ দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারেননি ৫১ রানে অপরাজিত রাহানে।

২২তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেয়া স্টেইনকে যোগ্য সঙ্গ দিয়ে ৫০ রানে ৩ উইকেট নিয়েছেন মরকেল।

এক উইকেট পেলেও ডুমিনির উইকেটটির কথা আজীবন মনে রাখবেন শেষ টেস্ট খেলতে নামা জ্যাক ক্যালিস। ডুমিনির বলে স্লিপে রবীন্দ্র জাদেজার ক্যাচ নিয়ে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

২১০টি ক্যাচ নিয়ে এই তালিকার শীর্ষে আছেন ভারতের রাহুল দ্রাবিড়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস: ৩৩৪ (ধাওয়ান ২৯, বিজয় ৯৭, পুজারা ৭০, কোহলি ৪৬, রোহিত ০, রাহানে ৫১*, ধোনি ২৪, জাদেজা ০, জহির ০, ইশান্ত ৪, সামি ১; স্টেইন ৬/১০০, মরকেল ৩/৫০, ডুমিনি ১/১০)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৮২/০ (স্মিথ ৩৫*, পিটারসেন ৪৬*)