২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডারবানে ভারতের দিন

মুরালি বিজয় চতুর্থ টেস্ট শতক থেকে মাত্র ৯ রান দূরে দাঁড়িয়ে। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন চেতেশ্বর পুজারা। দুজনের দারুণ এক জুটির সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে দ্বিতীয় ও শেষ টেস্টে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে ভারত। প্রথম দিন শেষে মহেন্দ্র সিং ধোনির দলের স্কোর ১ উইকেটে ১৮১ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 11:43 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

আলোর স্বল্পতায় দিনের প্রায় এক-তৃতীয়াংশ খেলা নষ্ট না হলে সংগ্রহটা আরো বড় হতে পারতো। রৌদ্রজ্জ্বল দিনে শুরু হলেও চা-বিরতির পর আলোর অভাবে ৮ ওভারের বেশি খেলা হতে পারেনি।জ্যাক ক্যালিসের শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি ধোনি। দিন শেষে এই সিদ্ধান্ত নেয়ার জন্য ভারত অধিনায়ক নিজেই হয়তো নিজেকে বাহ্বা দিয়েছেন।ডারবানের কিংসমিডের পিচ সব সময়ই পেস-সহায়ক। অথচ এবার বিস্ময়করভাবে ব্যাটসম্যানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই পিচ।মর্নে মরকেলও কম বিস্মিত করেননি সবাইকে। জোহানেসবার্গে প্রথম টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিংয়ের সময় ডান গোড়ালি মচকে ফেলেছিলেন। দক্ষিণ আফ্রিকা দল অন্তত ৭ দিনের জন্য তাকে হারানোর শঙ্কায় পড়লেও বৃহস্পতিবার সকালে ফিটনেস টেস্টে পাশ করে প্রথম একাদশে জায়গা করে নেন এই দীর্ঘদেহী ফাস্ট বোলার।

দিনের একমাত্র উইকেটটিও মরকেলের। প্রথম পানি-পানের বিরতির পর তার বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ২৯ রান করে ফিরে আসেন শিখর ধাওয়ান।

৪১ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে উৎফুল্ল দক্ষিণ আফ্রিকানদের উচ্ছ্বাস মিলিয়ে যেতে অবশ্য সময় লাগেনি। বিজয় আর পুজারার ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটি সুদৃঢ় অবস্থানে পৌঁছে দিয়েছে অতিথি দলকে।

৯১ রানে অপরাজিত বিজয়ের ২০১ বলের ইনিংসে ১৭টি চার। জোহানেসবার্গ থেকে ১৫৩ রানের দারুণ এক ইনিংসের আত্মবিশ্বাস নিয়ে আসা পুজারা অপরাজিত ৫৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর

:

ভারত প্রথম ইনিংস

: ১৮১/১ (ধাওয়ান ২৯, বিজয় ৯১*, পুজারা ৫৮*; মরকেল ১/২৬)