২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ওভারেই ৫ উইকেট আল-আমিনের

শেষ ওভারে টানা চারটিসহ আবাহনীর পাঁচ উইকেট নিয়েছেন পেসার আল-আমিন হোসেন। ব্যাটিংয়ে আবার শেষ ওভারেই ব্যাটসম্যানদের দৃঢ়তায় রোমাঞ্চকর ম্যাচটি জিতেছে ইউসিবি-বিসিবি একাদশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 05:04 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৪৩ রান করে আবাহনী।

সর্বোচ্চ ৫৫ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান।

শেষ ওভারের প্রথম বলে মেহেদী মারুফকে বিদায় করেন আল-আমিন। এরপর শেষ চার বলে নাজমুল মিলন, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম জুনিয়র ও নাবিল সামাদকে ফেরান প্রতিযোগিতায় প্রথম হ্যাটট্রিক করা এই পেসার। ৫ উইকেট নিতে মাত্র ১৭ রান দিয়েছেন তিনি।

স্বীকৃত সব ধরনের টি-টোয়েন্টি ম্যাচে এর আগে একজনই টানা চার বলে চার উইকেট পেয়েছিলেন। এ বছরই ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের আন্দ্রে রাসেল ভারত 'এ' দলের বিপক্ষে ম্যাচে এ কৃতিত্ব দেখান।

গত অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয় আল-আমিনের। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও খেলেন তিনি।

ব্যাট করতে নেমে ইউসিবি-বিসিবি একাদশের জয়ের ভিত গড়ে উঠে অধিনায়ক তামিম ইকবালের ৬১ রানের ইনিংসে । ৫২ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি।

তবে ১৭তম ওভারে তামিমকে ফেরানোর পর ১৯তম ওভারে মুক্তার আলী ও দেলোয়ার হোসেনকে সাজঘরে ফেরত পাঠিয়ে ম্যাচটাকে শেষ ওভারের উত্তেজনায় নিয়ে যান পেসার শুভাশীষ রায়।

জয়ের জন্য শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল ইউসিবি-বিসিবি একাদশের। সেই ওভারের দ্বিতীয় বলে শেষ ব্যাটিং ভরসা ইমরুল কায়েসের রান আউট হলে চাপে পড়ে তারা। কিন্তু জিয়াউর রহমানের করা চতুর্থ ও পঞ্চম বলে দুটি চার হাঁকিয়ে রোমাঞ্চকর লড়াইয়ে দলের জয় নিশ্চিত করেন আরাফাত সানি।

২৭ রানে ৪ উইকেট নিয়েও চার খেলায় আবাহনীর তৃতীয় হার এড়াতে পারেননি শুভাশীষ। আল-আমিন, তামিমের নৈপুণ্যে সমান খেলায় দ্বিতীয় জয় পেয়েছে ইউসিবি-বিসিবি একাদশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ করে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।