২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামির দৃঢ়তায় উইন্ডিজের রোমাঞ্চকর জয়

সাবেক অধিনায়ক ড্যারেন স্যামির দৃঢ়তায় সিরিজের প্রথম ওয়ানডের রোমাঞ্চকর লড়াইয়ে নিউ জিল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪২ ওভার ১ বলে ১৫৬ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড। কিন্তু অল্প রান তাড়া করতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচটাকে জমিয়ে দেন অতিথি ব্যাটসম্যানরা।

৩২ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ের পর লেন্ডল সিমন্স (৩৪ রান) কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু ৯৬ রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ছয় ব্যাটসম্যানের বিদায়ে আবার আশা জেগে উঠে স্বাগতিকদের মনে।

সেখান থেকে ম্যাচসেরা স্যামির ২৭ বলে ৫টি চার ৩টি ছক্কার সাহায্যে অপরাজিত ৪৩ রানের চমৎকার ইনিংস দলকে স্বস্তি এনে দেয়। ২৭ ওভার ৩ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিয়ারের প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও হারের বেদনায় মাঠ ছাড়তে হয়েছে নিউ জিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাগানকে (৫/৫৮)।

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন সুখকর হয়নি নিউ জিল্যান্ডের 'মেজাজি' উদ্বোধনী ব্যাটসম্যান জেসি রাইডারের। শূন্য রানে ফেরা রাইডারের মতো ব্যর্থ স্বাগতিকদের টপ অর্ডারও।

১০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই অস্বস্তিতে পড়া নিউ জিল্যান্ডকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

কিন্তু তার ৫১ রানের পরও ১০৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে বিপদে পড়ে নিউ জিল্যান্ড। সেখান থেকে নাথান ম্যাককালামের ৪৭ রানের সৌজন্যে কোনোমতে দেড়শ' পার হয়েছিল তারা।

বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ডোয়াইন ব্রাভো। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টেস্টের দুঃস্বপ্ন কিছুটা ভুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার নেপিয়ারে হবে দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ৪২.১ ওভারে ১৫৬ (গাপটিল ২, রাইডার ০, উইলিয়ামসন ৮, টেইলর ৩, ব্রেন্ডন ৫১, অ্যান্ডারসন ১৩, রনকি ৭, নিশাম ১০, নাথান ৪৭, মিলস ৩, ম্যাকক্লেনাগান ৩*; ডোয়াইন ৪/৪৪, হোল্ডার ২/২১, রামপল ২/২৭, সুনীল ১/২৮)।

ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১৫৭/৮ (চার্লস ৯, পাওয়েল ৪, ড্যারেন ব্রাভো ১৪, সিমন্স ৩৪, ডোয়াইন ১২, দিওনারায়ণ ৬, রামদিন ২, স্যামি ৪৩*, হোল্ডার ১০, সুনীল ০*; ম্যাকক্লেনাগান ৫/৫৮, মিলস ২/৩৭, নিশাম ১/৩৫)।