ভারত সফরের বদলা নেবে কিউইরা
ভারত সফরে প্রতিবারই স্পিন সহায়ক উইকেটে নাকানি-চুবানি খেতে হয় নিউ জিল্যান্ডকে। নিজেদের মাটিতে এবার প্রতিশোধ নেয়ার পালা কিউইদের। ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য কিউরেটরকে পেস সহায়ক সবুজ পিচ তৈরির কথা জানিয়েছেন নিউ জিল্যান্ডের কোচ মাইক হেসন।
গত বছর ভারতের মাটিতে স্পিন সহায়ক শুকনো উইকেটে সিরিজের দু'টি টেস্টেই হেরেছিল নিউ জিল্যান্ড।
এবার অকল্যান্ড ও ওয়েলিংটনে ভারতীয় ব্যাটসম্যানদের 'দুর্বলতা' বাউন্সি উইকেট চেয়েছেন কোচ হেসন, যাতে অতিথিদের ব্যাটসম্যান ও স্পিনারদের সাফল্য পেতে সমস্যা হয়।
ঐ দুটি ভেন্যুতে ৬ ও ১৪ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট দুটি। টেস্টের আগে পাঁচটি ওয়ানডেও খেলবে দুই দল।
নিউ জিল্যান্ডের গণমাধ্যমকে হেসন বলেন, “আমরা কি ধরনের উইকেট পছন্দ করি তা নিশ্চয় সবারই জানা। এর আগে আমরা যখন ভারতে খেলতে গেছি, তখন তারা ম্যাচ শুরুর আগের দিন পিচ পাল্টে ফেলেছিল। বিদেশের মাটিতে কখনই আমরা কোনোরকম সুবিধা পাই না, তাই নিজেদের মাটিতে তাদের কোনো সুবিধা দেয়াটা হবে হতাশার।”
ঘরের মাটিতে নিউ জিল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য চমৎকার। তিন টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা, বৃষ্টির বাধা না এলে প্রথম ম্যাচটিও হয়তো জিততো তারা। তাছাড়া সিরিজটিতে দারুণ সফল ছিলেন স্বাগতিক পেসাররা। তিন টেস্টের ছয় ইনিংসে ক্যারিবীয়দের ৬০ উইকেটের ৫৪টি নিয়েছেন ট্রেন্ট বোল্ট (২০), টিম সাউদি (১৮), কোরি অ্যান্ডারসন (৮) ও নেইল ওয়াগনার (৮)।
তবে ভারতীয় পেসাররা বাউন্সি উইকেটে যে একেবারে খারাপ তা অবশ্য বলা যায় না। গত রোববার শেষ হওয়া জোহানেসবার্গ টেস্টেই তার প্রমাণ। ঐ ম্যাচের দুই ইনিংসে স্বাগতিকদের যে ১৭ উইকেট পড়েছে তার ১৫ টিই গেছে অতিথি তিন পেসারের দখলে, বাকি দুটি রান আউট। পাঁচটি করে উইকেটে পেয়েছেন জহির খান, ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি।
পেসারদের কল্যাণে প্রথম টেস্টে বেঁচে গেলেও সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কিন্তু বাঁচাতে পারেনি ধোনিরা। ব্যাটিং বিপর্যয়ে প্রথম দুটি ওয়ানডে বিশাল ব্যবধানে হেরেছিল তারা। অপরটি বৃষ্টিতে ভেস্তে যায়।
