সিলেটবাসীর ক্রিকেট-উন্মাদনা
বিজয় দিবস চ্যালেঞ্জ কাপের উদ্বোধনী দিনে কানায় কানায় পূর্ণ ছিল সিলেট বিভাগীয় স্টেডিয়াম। বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে সিলেটের ক্রিকেটপ্রেমীরা বরণ করে নেন টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ভেন্যুটিকে।
ঘরোয়া ক্রিকেট হলেও ক্রিকেট-ভক্তদের মধ্যে ছিল ভীষণ উত্তেজনা। খেলা শুরু হওয়ার তিন ঘন্টা আগেই স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন ছিল।
নবনির্মিত স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ১৪ হাজার। রোববার আবাহনী ও ইউসিবি-বিসিবি একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে যাত্রা শুরু হল স্টেডিয়ামটির।
সিলেট স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বাস দেখে অভিভূত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”
পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশে খেলতে আসবে বলে আশাবাদ জানিয়ে তিনি বলেন, “আগামী ৪ থেকে ৯ জানুয়ারি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এ নিয়ে আলোচনা হবে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে তিনি বলেন, “কয়েক দিন আগে নিউ জিল্যান্ড বাংলাদেশে খেলে গেছে। আশা করি বিশ্বকাপের সময় রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে ছাড় দেবে। এখনও পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দেয়নি।”
