জয়ের সৌরভ পাচ্ছে ভারত
ভারতের প্রয়োজন ৮ উইকেট, আর দক্ষিণ আফ্রিকার ৩২০ রান। প্রথম টেস্টের শেষ দিনে দুই দলের সামনে সমীকরণ। জোহানেসবার্গে ৪৫৮ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকানদের সংগ্রহ ২ উইকেটে ১৩৮ রান।
স্বাগতিকদের অবস্থা অবশ্য ভালো থাকতে পারতো। কিন্তু অধিনায়ক গ্রায়েম স্মিথ ও দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলার ‘বোকামি’ চাপে ফেলে দিয়েছে তাদের।
স্মিথ ও আলভিরো পিটারসেনের আত্মবিশ্বাসী ব্যাটিং ১০৮ রানের উদ্বোধনী জুটি এনে দিয়েছিল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দলকে।
কিন্তু স্মিথ (৪৪) রবিচন্দ্রন অশ্বিনের বলে ঝুঁকিপূর্ণ ‘সিঙ্গেল’ নিতে গিয়ে রান আউট হয়ে যান। মিড-অন থেকে অজিঙ্কা রাহানের সরাসরি থ্রো ভেঙ্গে দেয় বোলার প্রান্তের উইকেট।
দ্বিতীয় ‘বোকামি’ হাশিম আমলার। প্রথম ইনিংসে ইশান্ত শর্মার বল ছেড়ে দিয়ে বোল্ড হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও একই ভুল করে মাত্র ৪ রান করে তিনি বোল্ড। এবার তার ‘ঘাতক’ সামি আহমেদ।
সামির খাটো লেন্থের একটি বল ‘ডাক’ অর্থাৎ মাথা নিচু করে ছেড়ে দিতে চেয়েছিলেন আমলা। কিন্তু বল তার ডান কাঁধের ওপর দিয়ে সোজা গিয়ে আঘাত করে অফ স্টাম্পে!
দিন শেষে পিটারসেন ৭৬ ও ফাফ দু প্লেসি ১০ রানে অপরাজিত।
এর আগে ২ উইকেটে ২৮৪ রান নিয়ে ব্যাট করতে নামা ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৪২১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত
দক্ষিণ আফ্রিকা
