২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয়ে সমতায় শ্রীলঙ্কা

১২৪ রানের দারুণ ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি আহমেদ শেহজাদ। দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা নিয়ে এসেছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 08:54 AM

Updated : 23 Aug 2022, 07:31 PM

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে ৪ উইকেটে ২৮৪ রানের ভালো সংগ্রহ এনে দিতে শেহজাদ ছাড়াও মোহাম্মদ হাফিজ, মিসবাহ-উল-হক ও শহীদ আফ্রিদির ভালো অবদান।

ম্যাচের দ্বিতীয় ওভারে লাসিথ মালিঙ্গা শারজিল খানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর শেহজাদ ও হাফিজের ৭৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।

চতুর্থ উইকেট অধিনায়ক মিসবাহকে নিয়ে ১০৫ রানের আরেকটি দারুণ জুটি গড়েন শেহজাদ।

ওয়ানডেতে চতুর্থ শতক করা শেহজাদের ১৪০ বলের ইনিংসে চার মাত্র ৮টি।

৪০ ওভার পর্যন্ত কিছুটা ধীরগতিতে ব্যাট করলে মিসবাহ ও আফ্রিদির আক্রমণাত্মক ব্যাটিং শেষ ১০ ওভারে ৯২ রান এনে দেয় পাকিস্তানকে।

৩৪তম অর্ধশতক করা মিসবাহর ৬২ বলে অপরাজিত ৫৯ রানের অধিনায়কোচিত ইনিংসে দুটি চার ও একটি ছক্কা। আর দারুণ ছন্দে থাকা আফ্রিদির মাত্র ১৫ বলে অপরাজিত ৩০ রানের ঝড়ো ইনিংস সাজানো দুটি ছক্কা ও একটি চারে।

জবাবে ২ বল আর ২ উইকেট হাতে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। তিলকরত্নে দিলশান (৪০) ও কুশল পেরেরা (১৬) ৫১ বলে ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালো সূচনা এনে দেন দলকে। দুজনই অবশ্য বিদায় নিয়েছেন রান আউট হয়ে।

তৃতীয় উইকেটে কুমার সাঙ্গাকারা ও দীনেশ চান্দিমালের ৯৪ এবং ষষ্ঠ উইকেটে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও নুয়ান কুলাসেকারার মাত্র ৪১ বলে ৫৭ রানের জুটি জয়ের পথে এগিয়ে দেয় অতিথিদের।

সাঙ্গাকারার ৫৮, চান্দিমালের ৪৪ ও কুলাসেকারার অবদান ৩২ রান।

২৩৭ রানে সপ্তম উইকেট পতনের পর ম্যাথিউস (৪৭) ও দিমুথ করুনারত্নের (১৬*) ৪৪ রানের জুটি শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে।

শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র চার রানের। প্রথম বলে আফ্রিদির বলে ম্যাথিউস আউট হয়ে গেলেও সমস্যায় পড়তে হয়নি শ্রীলঙ্কাকে। পরের বলে দু্ই রান নেয়ার পর চতুর্থ বলে ৪ হাকিয়ে নাটকীয় জয় এনে দেন সেনানায়েকে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫০ ওভারে ২৮৪/৪ (শারজিল ৭, শেহজাদ ১২৪, হাফিজ ৩২, মাকসুদ ১৮, মিসবাহ ৫৯*, আফ্রিদি ৩০*; প্রসন্ন ১/৪৫, কুলাসেকারা ১/৫৬, মালিঙ্গা ১/৭৮)

শ্রীলঙ্কা: ওভারে (কুশল ১৬, দিলশান ৪০, সাঙ্গাকারা ৫৮, চান্দিমাল ৪৪, থিসারা ৫, ম্যাথিউস ৪৭, কুলাসেকারা ৩২, প্রসন্ন ৬, করুনারত্নে ১৬*, সেনানায়েকে ৬*; জুনায়েদ ৩/৫২, আফ্রিদি ২/৪৬, আজমল ১/৪৪, ভাট্টি ০/৩৯, তানভীর ০/৫৮ )