হাফিজের শতকে পাকিস্তানের জয়
আগের ৮টি ওয়ানডেতে সব মিলিয়ে তার রান ১৪৭। তবে বাদ পড়ার শঙ্কাকে উড়িয়ে দারুণ এক শতক করেছেন মোহাম্মদ হাফিজ। আর সেই শতকের ওপরে ভর করে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়েছে পাকিস্তান।
বুধবার শারজা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ‘ব্যাটিং-স্বর্গে’ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি মিসবাহ-উল-হক। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে জ্বলে উঠেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরাও।
স্বাগতিক দলকে ৫ উইকেটে ৩২২ রানের বড় সংগ্রহ এনে দিতে হাফিজ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিষিক্ত উদ্বোধনী ব্যাটসম্যান শারজিল খান, সোহাইব মাকসুদ ও শহীদ আফ্রিদির।
সপ্তম ওয়ানডে শতকের দেখা পাওয়া হাফিজের ব্যাট থেকে আসে ১২২ রান। ১২৯ বলের চমৎকার ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।
দ্বিতীয় উইকেটে শারজিলকে নিয়ে ৮৩ ও তৃতীয় উইকেটে মাকসুদের সঙ্গে ১৪০ রানের দুটো দারুণ জুটি গড়েন হাফিজ।
৬১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬১ রান করেন শারজিল। মাকসুদ ছিলেন আরো আক্রমণাত্মক। তার ৬৮ বলে ৭৩ রানের ইনিংসে ছিল দুটি চার ও ৪টি ছক্কা।
রান-সংখ্যায় এদের চেয়ে পিছিয়ে থাকলেও স্ট্রাইক রেটে সবচেয়ে এগিয়ে ছিলেন আফ্রিদি। মাত্র ১২ বলে দুটি চার ও ৩টি ছক্কায় ৩৪ রান করেন ওয়ানডেতে দ্রুততম শতকের মালিক। অর্থাৎ স্ট্রাইক রেট ২৮৩.৩৩।
আফ্রিদির তাণ্ডবে শেষ ১০ ওভারে ১০৩ রান যোগ করে পাকিস্তান।
জবাবে ৩১১ রানে অলআউট হয়ে যাওয়া শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন কুশল পেরেরা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ দীনেশ চান্দিমালের।
২২১ রানে সপ্তম উইকেট হারানোর পর শ্রীলঙ্কানদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সিক্কুগে প্রসন্ন ও সচিত্রা সেনানায়েকে। অষ্টম উইকেটে মাত্র ৪৫ বলে ৮৭ রানের জুটি গড়েন দুজনে। ওয়ানডেতে এটাই রেকর্ড অষ্টম উইকেট জুটি।
তবে ৪৯তম ওভারে সেনানায়েকে ২৪ বলে ৪২ রান করে আউট হওয়ার পর অতিথি দল আর লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সেনানায়েকের চেয়ে এক বল বেশি খেলা প্রসন্নর ব্যাট থেকেও আসে ৪২ রান।
ব্যাটিংয়ের পর বল হাতেও সফল আফ্রিদি ৩০ রানে নেন দুই উইকেট। তবে ৪৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সফলতম বোলার জুনায়েদ খান।
শুক্রবার দ্বিতীয় ওয়ানডের ভেন্যু দুবাই।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ৩২২/৫ (শারজিল ৬১, শেহজাদ ১১, হাফিজ ১২২, মাকসুদ ৭৩, আফ্রিদি ৩৪, উমর ৯*, বিলাওয়াল ১*; লাকমল ২/৭৩, প্রসন্ন ১/৩৯, থিসারা ১/৫৩)
শ্রীলঙ্কা: ৪৯.৪ ওভারে ৩১১ (কুশল ৬৪, দিলশান ৩০, সাঙ্গাকারা ২৩, চান্দিমাল ৪৬, থিরিমান্নে ১০, ম্যাথিউস ৩১, থিসারা ৬, প্রসন্ন ৪২, সেনানায়েকে ৪২, মালিঙ্গা ০, লাকমল ১*; জুনায়েদ ৩/৪৪, আফ্রিদি ২/৩০, হাফিজ ১/৫২, বিলাওয়াল ১/৫৬, তানভীর ১/৬৯)
ম্যাচ সেরা: মোহাম্মদ হাফিজ।
