২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পান করে টুইট করো না: অনুতপ্ত হ্যারিস

পার্থে তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজ পুনরুদ্ধারের পর অস্ট্রেলিয়া দলকে ইচ্ছেমতো তা উদযাপনের 'লাইসেন্স' দিয়েছিলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর তা করতে দিয়ে এক বিতর্কিত টুইট করে ফেলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য রায়ান হ্যারিস। এ জন্য পরে ক্ষমাও চেয়েছেন এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 02:41 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

পার্থের ক্রাউন ক্যাসিনোতে সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন আয়োজিত এক পার্টিতে যোগ দিয়েছিলেন ক্রিকেটারা। কিন্তু শুরুতে ক্যাসিনোর দ্বাররক্ষীরা অস্ট্রেলিয়া দলকে ভেতরে ঢুকতে দেয়নি। দেশের জন্য এত বড় একটা সম্মান এনে দেয়ার পর এই অপমান সইবে কেন ক্রিকেটাররা। পরে ভেতরে ঢুকলেও এ নিয়ে উত্তেজিত ছিলেন তারা।

পেসার রায়ান হ্যারিসতো ক্যাসিনোর বিষেদগার করে একটা টুইটও করে ফেললেন, "যারা পার্থে যাচ্ছেন, তারা ক্রাউন ক্যাসিনো এড়িয়ে চলুন।"

পরে বুধবার মেলবোর্নে ফিরে অবশ্য হুশ হয়েছে হ্যারিসের। এমন টুইট করার জন্য ক্ষমাও চান তিনি।

"অবশ্যই আমি একটা ভুল করেছি। আমি এমন একটা টুইট করেছি, যা আমার করা উচিত হয়নি। কারণ তারা আমাদের শেষে ঢুকতে দিয়েছিল। আর তারা তাদের কাজটাই করছিল।"

অনেকবার শোনা উপদেশটা এখন অনুতপ্ত হ্যারিসের কাছে ঠিকই মনে হচ্ছে, "কখনও মদ্যপান করার পর টুইট করো না।"