২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকার-উত্তর ভারতের প্রথম টেস্ট

দীর্ঘ ২৪ বছর যে জীবন্ত কিংবদন্তি ভারতের ব্যাটিংকে আস্থা ও নির্ভরতা দিয়ে আসছিলেন আজ তিনি অবসরে। কিন্তু জীবন তো থেমে থাকে না। শচীন টেন্ডুলকারকে ছাড়া তাই দুই যুগ পর টেস্ট খেলতে নামতে হচ্ছে ভারতকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

বুধবার থেকে জোহানেসবার্গে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ একদমই ভালো কাটেনি মহেন্দ্র সিং ধোনির দলের। প্রথম দুই ম্যাচে ১৪১ ও ১৩৪ রানে হেরে যাওয়ার পর শেষ ম্যাচটি দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে।

তিন ম্যাচেই ভারতের বোলারদের নিয়ে ‘ছেলেখেলা’ করেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। অন্যদিকে ভারতের ব্যাটসম্যানরা দুই ম্যাচেই (শেষটিতে ব্যাট করার সুযোগ হয়নি) ছিলেন ব্যর্থ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একটাই অনুশীলন ম্যাচ খেলার সুযোগ ছিল অতিথি দলের। কিন্তু বেনোনিতে দুই দিনের সেই ম্যাচে বৃষ্টির কারণে একটিও বল হতে পারেনি।

ব্যাটিং নিয়ে তাই একটু বেশি দুশ্চিন্তায় থাকার কথা ভারতের। একে তো অনুশীলন হয়নি, তার ওপরে অনভিজ্ঞতা। জোহানেসবার্গে ভারতের সম্ভাব্য প্রথম ছয় ব্যাটসম্যানের সর্বমোট টেস্ট সংখ্যা মাত্র ৫৯।

ধোনি অবশ্য ব্যাটিংয়ের চেয়ে বোলিং নিয়ে বেশি দুশ্চিন্তায়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বলেন, “ভালো বল করা খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট ম্যাচ জিততে অবশ্যই রান করতে হবে। তবে সেই সঙ্গে ২০ উইকেটও নিতে হবে। আমরা প্রথমে ব্যাটিং-বোলিং যা-ই করি না কেন, শুরুটা ভালো হলে অন্য বিভাগও আত্মবিশ্বাস পেয়ে যাবে।”

ব্যাটসম্যানদের অনভিজ্ঞতা নিয়েও চিন্তিত নন ৭৯টি টেস্ট খেলা ধোনি। তিনি বলেন, “পাঁচ/সাত দিনে আপনি ব্যাটিং টেকনিকে পরিবর্তন আনতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানা। একই সঙ্গে নিজের শক্তিমত্তা সম্পর্কে জানাও প্রয়োজন। এটা তো কোনো গবেষণা নয়।”

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেইম স্মিথ অবশ্য প্রতিপক্ষের অনভিজ্ঞ ব্যাটিং লাইন-আপকে এক রকম হুমকি দিয়ে রেখেছেন। তিনি বলেন, “নিঃসন্দেহে তারা দারুণ প্রতিভাবান। কিন্তু আমি যাদের বিপক্ষে খেলে অভ্যস্ত তাদের সঙ্গে এই লাইন-আপের অনেক পার্থক্য। বিশ্বের অন্য প্রান্তে সফরে যাওয়া চারিত্রিক দৃঢ়তার জন্য বিরাট পরীক্ষা। এই দুটো টেস্টে তা ভালোভাবেই বোঝা যাবে।”