জোড়া গোল করে রোনালদোর পাশে কস্তা
ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করে লা লিগার গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেললেন দিয়েগো কস্তা। রোববার রাতে তার নৈপুণ্যে আতলেতিকো মাদ্রিদ ৩-০ গোলের সহজ জয় পেয়েছে।
ঘরের মাঠে আতলেতিকোর তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯তম মিনিটে দলকে এগিয়ে দেন কস্তা।
পাঁচ মিনিট বাদে ব্যবধান বাড়ান স্পেনের মিডফিল্ডার রাউল গার্সিয়া। আর ৮১তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলে জন্ম নেয়া কস্তা।
দিয়েগো কস্তার গোল। ছবি: রয়টার্স
চলতি মৌসুমের লা লিয়ায় রিয়াল মাদ্রিদের রোনালদো এবং কস্তার মোট গোল ১৭টি।
১৬ ম্যাচ শেষে বার্সেলোনা ও আতলেতিকোর পয়েন্ট অবশ্য সমান ৪৩, গোল ব্যবধানে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রোনালদোর রিয়াল মাদ্রিদ।
রোববার রিয়াল সোসিয়েদাদ ৫-১ গোলের বড় ব্যবধানে বেটিসকে হারিয়েছে। সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আথলেতিক বিলবাও।
বুন্দেসলিগায় লেভারকুজেনের হার
জার্মানির বুন্দেসলিগায় হেরে গেছে দ্বিতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুজেন। ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ১-০ গোলে হেরেছে তারা।
লেভারকুজেনের জালে ফ্রাঙ্কফুর্টের গোল।
ইনজুরি সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার জোসেলু।
এই হারের পরও ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে লেভারকুজেন। ৪৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। তৃতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৩২।
