২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো সূচনার পর হতাশ ইংল্যান্ড

পার্থ টেস্টের দ্বিতীয় দিনের সকালটা ভালো কাটলেও দিন শেষের ব্যর্থতায় হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 05:16 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

অস্ট্রেলিয়ার ইনিংস ৩৮৫ রানে বেধে ফেলে চার উইকেটে ১৮০ রান করেছে অতিথিরা। প্রথম ইনিংসে এখনও ২০৫ রানে পিছিয়ে তারা, হাতে আছে ৬ উইকেট।

৬ উইকেটে ৩২৬ রান নিয়ে শনিবার ব্যাট করতে নামেন স্টিভেন স্মিথ ও মিচেল জনসন। কিন্তু কোনো রান যোগ না করেই দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্টুয়ার্ট ব্রডের বলে কট-বিহাইন্ড হন জনসন (৩৯)। দলীয় স্কোরে ১২ রান যোগ হতেই জেমস অ্যান্ডারসনের বলে ম্যাট প্রায়রের গ্লাভসে ধরা পড়েন শতরান করা স্মিথও (১১১)।

এরপর আর কেউ বড় স্কোর গড়তে না পারায় চারশ'র নিচে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ইংল্যান্ডের পক্ষে তিন উইকেট নেন ব্রড। সমান দু'টি করে উইকেট নেন অ্যান্ডারসন ও স্পিনার গ্রায়েম সোয়ান।

শততম টেস্ট খেলতে নামা অধিনায়ক অ্যালেস্টার কুক ও মাইকেল কারবেরির ৮৫ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা বেশ ভালো হয়েছিল প্রথম দুই টেস্ট হেরে যাওয়া ইংল্যান্ডের। ৭৬ বলে আটটি চার ও এক ছক্কায় ৪৩ রান করে আউট হন কারবেরি। পাঁচ রানের মধ্যে জো রুটও (৪) প্যাভিলিয়নে ফিরে যান।

দলীয় ১৩৬ রানে বিদায় নেন কুক। ১৫৩ বলে ১০টি চারের সাহায্যে ৭২ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। একটু পরেই পিটার সিডলের বলে জনসনের হাতে ক্যাচ দেন কেভিন পিটারসেন (১৯)।বড় স্কোর গড়তে না পারলেও টেস্টে আট হাজার রান পূর্ণ করেছেন পিটারসেন। ক্রিকেটের এ ঘরানায় এখন তার মোট রান আট হাজার সাত।

ক্রিজে আছেন ইয়ান বেল (৯) ও বেন স্টোকস (১৪)।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৮৫ (রজার্স ১১, ওয়ার্নার ৬০, ওয়াটসন ১৮, ক্লার্ক ২৪, স্মিথ ১১১, বেইলি ৭, হ্যাডিন ৫৫, জনসন ৩৯, সিডল ২১, হ্যারিস ১২, লিয়ন ১৭*; ব্রড ৩/১০০, অ্যান্ডারসন ২/৬০, সোয়ান ২/৭১, স্টোকস ১/৬৩, ব্রেসনান ১/৮১)

ইংল্যান্ড: ১৮০/৪ (কুক ৭২, কারবেরি ৪৩, রুট ৪, পিটারসেন ১৯, বেল ৯*, স্টোকস ১৪*; হ্যারিস ১/২৬, সিডল ১/২৭, ওয়াটসন ১/৩২, লিয়ন ১/৩৯)