বোল্টের তোপে নিউ জিল্যান্ডের বিশাল জয়
প্রথম টেস্টে বৃষ্টির কৃপায় বেঁচে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে রক্ষা পায়নি ক্যারিবীয়রা। ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ে তিন দিনেই এক ইনিংস ও ৭৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে নিউ জিল্যান্ড।
২০১৩ সালে একাদশ টেস্টে এটাই নিউ জিল্যান্ডের প্রথম জয়। অধিনায়ক হিসেবে ব্রেন্ডন ম্যাককালামেরও প্রথম টেস্ট জয় এটা।
নিউ জিল্যান্ডের ৪৪১ রানের জবাবে শুক্রবার চার উইকেটে ১৫৮ রান নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ রানে অলআউট হয়ে ফলো-অন করতে বাধ্য হয়।
অতিথিদের দ্বিতীয় ইনিংসের অবস্থা আরো শোচনীয়। ১৭৫ রানে গুটিয়ে গিয়ে ইনিংস হারের লজ্জায় পড়তে হয় তাদের।
তৃতীয় দিনে দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের ‘ঘাতক’ বোল্ট। প্রথম ইনিংসে ৪০ রানে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪০ রানেই এই বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলারের শিকার চারটি। বলাই বাহুল্য, ম্যাচ সেরা হওয়ার লড়াইয়ে তার কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না।
শুক্রবার দিনের অষ্টম ওভারের প্রথম বলে নরসিং দিওনারায়ণকে ফিরিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন বোল্ট। বোল্টের পরের ওভারে মারলন স্যামুয়েলসও কট বিহাইন্ড। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করা স্যামুয়েলসের ৮১ বলের ইনিংসে ১১টি চার।
মাঝে একটি বল ‘ডট’ হওয়ার পর বোল্টের সেই ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান অতিথিদের অধিনায়ক ড্যারেন স্যামি। বোল্টের পরের ওভারে শেন শিলিংফোর্ড আর টিনো বেস্টও বোল্ড।
শেষ ব্যাটসম্যান শ্যানন গ্যাব্রিয়েল আরেক পেসার টিম সাউদির শিকার। বোল্ট-সাউদির তোপে শেষ চার ব্যাটসম্যান কোনো রান করতে পারেননি।
২৪৮ রানে পিছিয়ে ফলো-অন করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান কার্ক এডওয়ার্ডস (৩৫) ও কাইরন পাওয়েলের (৩৬) দৃঢ়তায় শুরুটা ভালোই হয়েছিল অতিথিদের।
কিন্তু উদ্বোধনী জুটিতে ৭৪ রান ওঠার পর খেই হারিয়ে ফেলে তারা, বিনা উইকেটে ৭৪ থেকে পরিণত হয় ৪ উইকেটে ৯৪ রানে। এই চার উইকেটের তিনটিই সাউদির।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষের পেসারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চা-বিরতির ঘণ্টা খানেক পর অলআউট হয়ে যায় তারা।
হ্যামিল্টনে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৪৪১ (টেইলর ১২৯, ওয়াটলিং ৬৫; বেস্ট ৪/১১০)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৯৩ (এডওয়ার্ডস ৫৫, পাওয়েল ২১, ব্রাভো ৪, স্যামুয়েলস ৬০, চন্দরপল ৬, দিওনারায়ণ ২২, রামদিন ১২*, স্যামি ০, শিলিংফোর্ড ০, বেস্ট ০, গ্যাব্রিয়েল ০; বোল্ট ৬/৪০, অ্যান্ডারসন ২/২০, সাউদি ২/৫৮)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৭৫ (এডওয়ার্ডস ৩৫, পাওয়েল ৩৬, ব্রাভো ০, স্যামুয়েলস ১২, চন্দরপল ৩১*, দিওনারায়ণ ১২, রামদিন ১৯, স্যামি ০, শিলিংফোর্ড ১, বেস্ট ২১, গ্যাব্রিয়েল ০; বোল্ট ৪/৪০, সাউদি ৩/২৪, ওয়াগনার ২/৬৭, অ্যান্ডারসন ১/২৯)
ম্যাচ সেরা: ট্রেন্ট বোল্ট।
