শততম টেস্টে দুই প্রান্তে দুই অধিনায়ক
পার্থে শততম টেস্টের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দুই দলেরই অধিনায়ক। ক্যারিয়ারের বিশেষ এই মাহেন্দ্রক্ষণটা ইংল্যান্ডের অ্যালেস্টার কুকের জন্য যতটা 'কঠিন', ততটাই আশা জাগানিয়া অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কের।
ব্রিসবেন টেস্টে ৩৮১ রানের বিশাল ব্যবধানে হারের পর অ্যাডিলেডেও ২১৮ রানে হেরেছে ইংল্যান্ড। শুক্রবার তৃতীয় টেস্টটি শুরু হবে যে ভেন্যুতে সেই পার্থের পরিসংখ্যান আবার মোটেও সহায়ক নয় অতিথিদের জন্য। এখানকার ওয়াকা গ্রাউন্ডে ১২ ম্যাচ খেলে আটবারই হেরেছে ইংল্যান্ড। একমাত্র জয়টা এসেছে সেই ১৯৭৮ সালে।
দলের ব্যর্থতার মাঝে ব্যাক্তিগত পারফরম্যান্সও হয়তো ভাবাচ্ছে কুককে। প্রথম টেস্টে ১৩ ও ৬৫ রানের দুটি ইনিংসের পর দ্বিতীয় টেস্টে তো একেবারেই ব্যর্থ তিনি। অ্যডিলেডের দুই ইনিংসে করেন ৩ ও ১ রান। যেখানে টানা দুই টেস্টে শতরানের ইনিংস গড়ে জয়ের পথে দলকে নেতৃত্ব দিয়েছেন ক্লার্ক। ব্রিসবেনের দ্বিতীয় ইনিংসে ১১৩ রান করার পর অ্যাডিলেডের প্রথম ইনিংসে ক্লার্ক করেন ১৪৮ রান।
তাহলে এটাই কি কুকের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ পর্যন্ত যা হয়েছে, তার প্রেক্ষিতে আমি তাই মনে করি।”
ওয়াকার পিচ দেখছেন ইংল্যান্ড অধিনায়ক কুক।
তবে অ্যাশেজের প্রথম দুই টেস্ট হেরে ঘুরে দাঁড়ানোর নজিরও আছে মাত্র একবার। ১৯৩৬-৩৭ মৌসুমে প্রথম দুই টেস্ট হেরেও সিরিজ জিতেছিল ডন ব্র্যাডম্যানের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল।
প্রথম দুই টেস্ট হেরে অ্যাশেজ খোয়ানোর শঙ্কায় যখন কাঁপছে কুকের মন তখন তিনটি অ্যাশেজ পর আবারো সিরিজ জয়ের স্বপ্নে বিভোর ক্লার্ক।
শততম টেস্টের দারপ্রান্তে দাঁড়িয়ে উচ্ছ্বসিত ক্লার্কও। তবে ক্রিকেট জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তটাকে জয় দিয়ে উদযাপন করতে চান তিনি।
“১০০ টেস্টের ক্লাবে নাম লেখাতে পারাটা বিরাট সম্মানের। যখন আমি ক্রিকেট খেলা শুরু করি, তখন এটা যে করতে পারবো তা চিন্তাও করিনি।”
“এটা একটা বিশেষ দিন। তবে তা আরো বিশেষ হতে পারে, যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি।”
ওয়াকার গতিময় উইকেটে ‘হন্তারক’ হয়ে উঠতে পারেন প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নেয়া অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন। তাছাড়া চোট কাটিয়ে উঠেছেন প্রথম দুই টেস্টে আট উইকেট নেয়া আরেক পেসার রায়ান হ্যারিস।
এদিকে ওয়াকার বাউন্স সহায়ক পিচের কথা মাথায় রেখে ম্যাচে দলে অন্তত একটা পরিবর্তনের কথা জানিয়েছেন কুক। অ্যডিলেডে খেলা দুই স্পিনার মন্টে পানেসার ও গ্রায়েম সোয়ানের মধ্যে যে কোনো একজন বাদ পড়বেন। আর তার জায়গায় সুযোগ পাবেন একজন পেসার।
২০০৬-০৭ মৌসুমে শেষ অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর টানা তিনটি অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড।
