দ্বিতীয় দিনেও নিউ জিল্যান্ডের দাপট
বৃষ্টির কারণে ওয়েলিংটনের দ্বিতীয় দিনের খেলা বিঘ্নিত হলেও নিউ জিল্যান্ডের দাপটে ভাগ বসাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
৪৪১ রানে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যাওয়ার পর দিনশেষে বোলারদের কল্যাণে ম্যাচে আধিপত্য ধরে রেখেছে স্বাগতিকরা। ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ করেছে ১৫৮ রান। প্রথম ইনিংসে এখনও ২৮৩ রানে পিছিয়ে অতিথিরা।
বুধবার ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল নিউ জিল্যান্ড। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে খেলা অনেকটা দেরিতে শুর হয়। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান টিম সাউদি ২১ রান করে ফিরে গেলেও হাল ধরে রাখেন বিজে ওয়াটলিং। ইশ সোধির সঙ্গে ৪৯ ও শেষ উইকেটে ট্রেন্ট বোল্টের সঙ্গে ৫৮ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটিতে দলের বড় ইনিংস গড়তে সাহায্য করেন ওয়াটলিং।
পাঁচটি চারের সাহায্যে ৬৫ রান করেন ওয়াটলিং। ২৭ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন বোল্ট। অতিথিদের পক্ষে ১১০ রানে চার উইকেট নিয়ে সফল বোলার টিনো বেস্ট।
দুই উদ্বোধনী ব্যাটসম্যানের ব্যাটিংয়ে বেশ ভালো শুরুর ইঙ্গিত দেয় অতিথিরা। কিন্তু দলীয় ৪৬ রানে টিম সাউদির বলে কাইরন পাওয়েল এলবিডব্লিউ হলে পথ হারায় তারা। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান কার্ক এডওয়ার্ডস আশা জাগালেও ব্যাক্তিগত ৫৫ রান করে কোরি অ্যান্ডারসনের বলে হামিশ রাদারফোর্ডের হাতে ক্যাচ দেন তিনি। মাঝে মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফেরেন ড্যারেন ব্রাভো। ব্যর্থ অভিজ্ঞ শিবনারায়ন চন্দরপলও (৬)।
১১৯ রানে চার উইকেট হারানোর পর দিওনারায়ণের সঙ্গে জুটি বেধে ঘুরে দাঁড়ানোর জন্য লড়ছেন মারলন স্যামুয়েলস। স্যামুয়েলস ৫০ ও দিওনারায়ণ ১১ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১১৫.১ ওভারে ৪৪১ (ফুলটন ৬, রাদারফোর্ড ১১, উইলিয়ামসন ৪৫, টেইলর ১২৯, ম্যাককালাম ৩৭, অ্যান্ডারসন ৩৮, ওয়াটলিং ৬৫, সাউদি ২১, সোধি ২৭, ওয়াগনার ০, বোল্ট ৩৮*; বেস্ট ৪/১১০, গ্যাব্রিয়েল ২/৮৬, স্যামি ২/৯২, ডিওনারায়ন ১/৩৯, শিলিংফোর্ড ১/৯২)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৭ ওভারে ১৫৮/৪ (এডওয়ার্ডস ৫৫, পাওয়েল ২১, ব্রাভো ৪, স্যামুয়েলস ৫০*, চন্দরপল ৬, দিওনারায়ণ ১১; অ্যান্ডারসন ২/২০, বোল্ট ১/২৫, সাউদি ১/৪০)
