২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেইলরের শতকে নিউ জিল্যান্ডের দিন

প্রথম টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও শতক হাঁকিয়েছেন নিউ জিল্যান্ডের রস টেইলর। তার ১২৯ রানের উপর ভর করে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০৭ রান করেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 03:53 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

দিন শেষে অপরাজিত আছেন বিজে ওয়াটলিং (৮) ও টিম সাউদি (৯)। ডানেডিনে প্রথম টেস্টটি ড্র হয়েছিল।

টেস্টে টেইলরের এটি দশম শতক। ১০ বা তার চেয়ে বেশি টেস্ট শতক করা নিউ জিল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান তিনি। গত সপ্তাহে ডানেডিন টেস্টের প্রথম ইনিংসে ২১৭ রানে অপরাজিত ছিলেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ২০০৯ সালে ভারতের বিপক্ষেও টানা দুই টেস্টে শতরানের ইনিংস খেলেছিলেন টেইলর।

বুধবার ওয়েলিংটনে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় একটা ধাক্কা খায় স্বাগতিকরা। ২৪ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন পিটার ফুলটন (৬) ও হামিশ রাদারফোর্ড (১১)। তবে এরপরই দলের হাল ধরেন টেইলর। কেন উইলিয়াসনের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে ওঠেন। ছয়টি চার ও একটি ছক্কায় ৪৫ রান করে ফিরে যান উইলিয়ামসন।

সঙ্গী ফিরে গেলেও হাল ছাড়েননি টেইলর। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ৭৭ ও কোরি অ্যান্ডারসনের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলের শক্ত ভিত গড়ে দেন তিনি। ম্যাককালাম ৩৭ ও অ্যান্ডারসন ৩৮ রান করেন।

দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে দলীয় ২৯৬ রানে পেসার শ্যানন গ্যাব্রিয়েলের বলে শেন শিলিংফোর্ডকে ক্যাচ দেওয়ার আগে ২২৭ বলে ১৫টি চারের সাহায্যে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন টেইলর।

বুধবার খেলা শতরানের ইনিংসে বেশ কয়েকটি মাইলফলকও পাড়ি দিয়েছেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। দেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে চার হাজার রান করেছেন তিনি, তার মোট রান চার হাজার এক।

তাছাড়া নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে কম ইনিংসে চার হাজারী ক্লাবে পা দেওয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি। ৫৪ টেস্টে টেইলর খেলেছেন মোট ৯৪ ইনিংস। সাবেক অধিনায়ক মার্টিন ক্রো ৫০ টেস্টে ৮৭ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৬৬ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন পেসার টিনো বেস্ট।

সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড: ৯০ ওভারে ৩০৭/৬ (ফুলটন ৬, রাদারফোর্ড ১১, উইলিয়ামসন ৪৫, টেইলর ১২৯, ম্যাককালাম ৩৭, অ্যান্ডারসন ৩৮, ওয়াটলিং ৮, সাউদি ৯; বেস্ট ২/৬৬, ডিওনারায়ন ১/৩৯, গ্যাব্রিয়েল ১/৫৬, শিলিংফোর্ড ১/৫৯,  স্যামি ১/৬৫)