২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে প্রভাব পড়বে না: বিসিবি সভাপতি

রাজনৈতিক সহিংসতার মধ্যে ‘নিরাপত্তাহীনতার’ কারণে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেও দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 10:52 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

উইন্ডিজের সিদ্ধান্তে ভবিষ্যত নিয়েও শঙ্কা
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খোঁজ আইসিসির
'নিরাপত্তাহীনতায়' ফিরে যাচ্ছে উইন্ডিজের তরুণরা

সোমবার সাংবাদিকদের বোর্ড সভাপতি বলেন, “ওরা চলে গেলেও আমাদের বিশ্বকাপ আয়োজনে কোনো প্রভাব পড়বে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো অনেক দূরে। এর আগেই রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমি মোটেই চিন্তিত না।”

অবরোধ ও হরতালের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে রোববার ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

রোববার সাত ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে যায়নি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচটি সোমবার হওয়ার কথা ছিল। কিন্তু পরে ডব্লিউআইসিবি জানায়, নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকিই নিতে চান না তারা, ক্রিকেটারদের তাই দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে।

জানুয়ারি থেকে বাংলাদেশের ক্রিকেটসূচি ভীষণ ব্যস্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজ চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ শেষ হবে ৮ মার্চ। আর ১৬ মার্চ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজ ও ফেব্রুয়ারির এশিয়া কাপ নিয়েও কোনো শঙ্কা নেই জানিয়ে নাজমুল বলেন, “আমার দৃঢ় বিশ্বাস ডিসেম্বরের ভেতরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো থেকে এ ব্যাপারে আমরা সবসময়ই সহযোগিতা পেয়েছি। এখন পর্যন্ত ক্রিকেটের ব্যাপারে কোনো দলই বাধা সৃষ্টি করেনি। আমার দৃঢ় বিশ্বাস রাজনৈতিক দলগুলো কখনই ক্রিকেটের বাইরে অবস্থান করবে না।”

গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের ডাকে কয়েক দফায় অবরোধে সারাদেশে বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটছে। ওয়েস্ট ইন্ডিজ দলের চট্টগ্রামের ঠিকানা হোটেল আগ্রাবাদের সামনে শনিবার রাতে কয়েকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছিল ওয়েস্ট ইন্ডিজ দল। পরে বোর্ডের নিরাপত্তা ব্যবস্থাপক পল স্লোয়ের দেয়া একটি প্রতিবেদন বিবেচনায় এনে দলকে দেশে ডেকে পাঠায় তারা।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিবৃতিতে বলা হয়, অবরোধ ও হরতালের মধ্যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রিকেট খেলার জন্য উপযোগী নয়।

এর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে।