২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেডেও সহজ জয় অস্ট্রেলিয়ার

ব্রিসবেনের মতো অ্যাডিলেড টেস্টেও সহজ জয় পেয়ে অ্যাশেজ পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 02:23 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

জনসনের তোপে বিধ্বস্ত ইংল্যান্ড

সোমবার অ্যাডিলেড টেস্টের পঞ্চম ও শেষ দিন প্রথম ঘণ্টায় ইংল্যান্ডের বাকি চার উইকেট তুলে নিয়ে ২১৮ রানের সহজ জয় পেয়েছে স্বাগতিকরা।

টানা দ্বিতীয় টেস্ট হেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা অতিথিদের সামনে এখন সিরিজ হারের শঙ্কা।

চলতি বছরের প্রথম অ্যাশেজে ইংল্যান্ডে ৩-০ ব্যবধানে হেরে আসা অস্ট্রেলিয়া ব্রিসবেনে চার দিনেই ৩৮১ রানে হারায় অতিথিদের। অ্যাডিলেডেও জেতার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, “কোনো সন্দেহ নেই, এটা উপভোগ্য। শেষ পর্যন্ত আমরা দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করেছি।”

দুই টেস্টে খুব সহজেই জিতে ক্লার্কের লক্ষ্য এখন শীর্ষস্থান ফিরে পাওয়া।

“গত ১২ মাসে এটি আমাদের মাত্র দ্বিতীয় টেস্ট জয়। এক নম্বর স্থানে ফিরে যেতে এখনো আমাদের অনেক কিছু করতে হবে।”

অ্যাডিলেড ওভালে সোমবার ৬ উইকেটে ২৪৭ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। তখনো জয়ের জন্য আরো ২৮৪ রানের লক্ষ্য ছিল তাদের। ম্যাচ বাঁচানোর জন্য ম্যাট প্রায়র ও স্টুয়ার্ট ব্রডের দিকে তাকিয়ে ছিল অতিথিরা।

বৃষ্টির কারণে ১০ মিনিট দেরিতে খেলা শুরু হওয়ার পর মাত্র ৫ বল টিকতে পেরেছেন ব্রড। পিটার সিডলের খাটো লেন্থের বল পুল করে ছক্কা মারার পরের বলে একই শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে নাথান লিয়নের হাতে ধরা পড়েন তিনি।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাট প্রায়রের (৬৯) অর্ধশতকে ইংল্যান্ড তিনশ' পেরুলেও বড় পরাজয় এড়াতে পারেনি অতিথিরা।

৫৭ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার সিডল। রায়ান হ্যারিস ৩ উইকেট নেন ৫৪ রানে।

প্রথম ইনিংসে ৪০ রানে ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বিধ্বস্ত করা মিচেল জনসন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫৭০/৯ ইনিংস ঘোষণা (১৪৮, স্মিথ ৬, হ্যাডিন ১১৮, রজার্স ৭২; ব্র্রড ৩/৯৮, স্টোকস ২/৭০, সোয়ান ২/১৫১) ও ১৩২/৩ ইনিংস ঘোষণা (রজার্স ২, ওয়ার্নার ৮৩*, ওয়াটসন ০, ক্লার্ক ২২, স্মিথ ২৩*; অ্যান্ডারসন ২/১৯, পানেসার ১/৪১)

ইংল্যান্ড: ১৭২ (বেল ৭২*, কারবেরি ৬০; জনসন ৭/৪০) ও ৩১২ (কুক ১, কারবেরি ১৪, রুট ৮৭, পিটারসেন ৫৩, বেল ৬, স্টোকস ২৮, প্রায়র ৬৯, ব্রড ২৯, সোয়ান ৬, অ্যান্ডারসন ১৩*, পানেসার ০; সিডল ৪/৫৭, হ্যারিস ৩/৫৪, স্মিথ ১/৪৩, জনসন ১/৭৩, লিয়ন ১/৭৮)

ম্যাচ সেরা: মিচেল জনসন।

তৃতীয় টেস্টে অপরিবর্তিত অস্ট্রেলিয়া দল

পার্থে ১৩ ডিসেম্বর শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টের জন্য ১২ সদস্যের অস্ট্রেলিয়া দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

টানা তিনটি অ্যাশেজ জিতে অস্ট্রেলিয়া আসা ইংল্যান্ডের জন্য পার্থে টেস্ট খেলাটা সুখকর নয় মোটেও। এ ভেন্যুতে তিন দশকের বেশি সময় ধরে টেস্ট জেতেনি ইংল্যান্ড।