ডি ককের শতকে ভারত বিধস্ত
উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি ককের শতকের ওপরে ভর করে প্রথম ওয়ানডেতে ভারতকে সহজেই ১৪১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
তিন ম্যাচের সিরিজে তাই এগিয়ে গেলো স্বাগতিক দল।
সব সময়ের সবুজ জার্সি নয়, স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে গোলাপি জার্সি পরে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা দল। ক্রিকেট বোর্ডের অনুরোধে সাড়া দিয়ে বহু দক্ষিণ আফ্রিকানও গোলাপি জামায় সেজে ভীড় করেন গ্যালারিতে।
তাদের মন রাঙিয়ে দিয়েছেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। বিশেষ করে ডি কক, অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স আর জেপি ডুমিনি। প্রথম জনের চমৎকার শতক আর পরের দুজনের ঝড়ো ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় ৪ উইকেটে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ।
হাশিম আমলার (৬৫) সঙ্গে ১৫২ রানের উদ্বোধনী জুটি গড়া ডি ককের ব্যাট থেকে আসে ১৩৫ রান। ১২১ বলের ইনিংসটি সাজানো ১৮টি চার ও তিনটি ছক্কায়।
দক্ষিণ আফ্রিকাকে সাড়ে তিন শ’র ওপরে নিয়ে যেতে ডি ভিলিয়ার্স আর ডুমিনির মাত্র ৪৬ বলে ১০৫ রানের চতুর্থ উইকেট জুটিরও বিরাট অবদান।
৪৭ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৭ রান করে সামি আহমেদের বলে বোল্ড হয়ে যান ডি ভিলিয়ার্স।
তবে ডুমিনি আউট হননি। তার মাত্র ২৯ বলে অপরাজিত ৫৯ রানের ঝড়ো ইনিংসে ছক্কা ৫টি আর চার দুটি।
কিছু দিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডেতে ৩৫৯ রান তাড়া করে ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল ভারত। তবে বৃহস্পতিবার সেই ‘কীর্তি’র পুনরাবৃত্তির বিন্দুমাত্র সম্ভাবনা জাগাতে পারেনি ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৬৫), বিরাট কোহলি (৩১) ও রবীন্দ্র জাদেজা (২৯) লড়াই করার চেষ্টা করলেও ২১৭ রানে অলআউট হয়ে যায় ভারত।
তিনটি করে উইকেট নিয়ে অতিথি দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন ডেল স্টেইন ও রায়ান ম্যাকলারেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৫৮/৪ (আমলা ৬৫, ডি কক ১৩৫, ক্যালিস ১০, ডি ভিলিয়ার্স ৭৭, ডুমিনি ৫৯*, মিলার ৫*; সামি ৩/৬৮, কোহলি ১/১৫)
ভারত: ৪১ ওভারে ২১৭ (রোহিত ১৮, ধাওয়ান ১২, কোহলি ৩১, যুবরাজ ০, রায়না ১৪, ধোনি ৬৫, জাদেজা ২৯, অশ্বিন ১৯, ভুবনেশ্বর ০, মোহিত শর্মা ০*, সামি ০ ; স্টেইন ৩/২৫, ম্যাকলারেন ৩/৪৯, ক্যালিস ১/২০, মরকেল ১/২৯)
ম্যাচ সেরা: কুইন্টন ডি কক।
