২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের অভিনব ‘তত্ত্ব’

প্রতিভাবান ক্রিকেটারদের বিকশিত করার জন্য ১১ জনের বদলে ১৫ জন নিয়ে দল গড়ার পরামর্শ দিয়েছেন ভারতের ব্যাটিং-কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 09:00 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

মঙ্গলবার মুম্বাইয়ে শারদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করতে গিয়ে এই তত্ত্বের কথা জানিয়েছেন তিনি।

গত মাসে দীর্ঘ দুই যুগের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের সমাপ্তি টানা টেন্ডুলকারকে এই অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে সম্মান জানান মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ার।

দুই দলে ১৫ জন ক্রিকেটার নিয়ে ম্যাচ আয়োজনের অভিনব তত্ত্বের কারণ হিসেবে টেন্ডুলকার বলেন, “একটা ছেলে ম্যাচ খেলার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু একটা করে দেখানোর আশা নিয়েই বের হয়। কিন্তু বেশিরভাগ সময়ই সে জানে না, খেলতে পারবে কিনা।”

“সবাই তো পৃথিবী ও মুশিরের (ভারতের দুই ক্ষুদে প্রতিভা) মতো প্রতিভাবান ক্রিকেটার নয়। তবে অনেকেই তাদের কাছাকাছি মানের।”

ভারতে পেসারদের অবহেলার চিরন্তন সত্য তুলে ধরে তিনি বলেন, “অনেক সময় উইকেট স্পিন নির্ভর হওয়ায় তৃতীয় পেসারের প্রয়োজন পড়ে না। কখনো-কখনো একটি দলে শুধু একজন পেসার থাকে এবং অন্য প্রান্ত থেকে স্পিনাররা বল করে। অথচ বেচারা ১২ বছর বয়সী পেসারের তো কোনো দোষ নেই। সারা বছর কঠোর পরিশ্রম করার পরও সে জানতে পারে না দলে সুযোগ পাবে কিনা।”

একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলা টেন্ডুলকারের বিশ্বাস, তার এই তত্ত্ব প্রতিভা অন্বেষণে দারুণ কাজে আসবে।

টেস্ট-ওয়ানডে দুটোতেই সর্বোচ্চ রান ও শতকের মালিক মনে করেন, এর ফলে শুধু মুম্বাইয়েই ১০ হাজার শিশু তাদের ক্রিকেট প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। নির্বাচকরা অনেক মেধার সমন্বয় পাবেন, ক্রিকেটের মানও বাড়বে। মুম্বাই থেকে সারা দেশে এই নিয়ম ছড়িয়ে পড়লে ভারতীয় ক্রিকেটও দারুণ উপকৃত হবে।

এই অনুষ্ঠানে টেন্ডুলকারের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী অঞ্জলি ও শৈশবের কোচ রমাকান্ত আচরেকার। আচরেকারকেও সম্মাননা দেয়া হয়। দিনটি ছিল তার ৮১তম জন্মদিন। গুরুকে জন্মদিনের কেক খাইয়ে শ্রদ্ধা জানান টেন্ডুলকার।